সেনা আধিকারিক কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে কুৎসিৎ মন্তব্যের পরও মন্ত্রী বিজয় শাহকে রক্ষায় নামছে মধ্য প্রদেশ সরকার।
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের মধ্যেই কুরেশি সম্পর্কে মন্তব্য করেন শাহ। গত বছরের মে-তে মধ্য প্রদেশ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। এই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও দেয়। এই মামলা পৌঁছেছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত বিষয়টি কোথায় দাঁড়িয়ে সে সম্পর্কে রিপোর্ট চেয়েছে মোহন যাদবের নেতৃত্বাধীন বিজেপি সরকারের থেকে।
আগস্টে শেষে মধ্য প্রদেশের বিজেপি মন্ত্রিসভা শাহের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মর্মে পরামর্শ পাঠানো হয়েছে রাজ্যপালের কাছেও। এবার সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে সরকার। ওই বিতর্কিত মন্তব্যের জেরে দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে বিজেপি।
আইন বিশেষজ্ঞ, মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর কার্যালয়ের পর্যালোচনার পর আগামী কয়েক দিনের মধ্যে সুপ্রিম কোর্টে মধ্যপ্রদেশ সরকারের তরফে জবাবদিহি দাখিল করা হবে বলে জানা গিয়েছে। এই জবাবের মূল বিষয়বস্তু হলো পাঁচ দফা যুক্তি। বলা হয়েছে যে শাহের মন্তব্যের পর সাম্প্রদায়িক সংঘাত হয়নি। সে কারণে বিদ্বেষে উসকানির অভিযোগে তদন্ত হওয়া উচিত নয়। তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন, তোলা হচ্ছে সেই যুক্তিও। বলা হচ্ছে যে কেউ শাহের বিরুদ্ধে অভিযোগ জানায়নি।
কিন্তু বিভিন্ন অংশই মনে করছে যে গোটা কার্যক্রমে বিজেপি’র দ্বিচারিতাই স্পষ্ট হয়েছে ফের। সরকারের সমালোচনা করলেও দেশদ্রোহী বলে দেগে দেওয়া হচ্ছে।
Madhya Pradesh Minister on Colonel Sofiya Qureshi
সেনা আধিকারিককে নিয়ে কুমন্তব্যের পরও নিজেদের মন্ত্রীকে ঢাকছে বিজেপি
×
Comments :0