গত ২২ জুলাই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) জন্য একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকার নিউ টাউনে অবস্থিত জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র থানাকে সমগ্র রাজ্যের জন্য নির্দিষ্ট থানা হিসেবে বিজ্ঞপ্তি জারি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক সংবাদ সংস্থাকে বলেন, ‘‘এই বিজ্ঞপ্তিটি মূলত পদ্ধতিগত প্রকৃতির এবং এটি বিএনএসএস ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আইনের বিধান অনুযায়ী সমগ্র রাজ্যের জন্য এনআইএ থানাটিকে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট করে। এটি কেন্দ্রীয় আইনের আওতায় তালিকাভুক্ত অপরাধগুলোর তদন্ত প্রক্রিয়াকে সহজতর করে।’’ বুধবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ এই বিজ্ঞপ্তিটি জারি করে। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নিউটাউনের এনবিসিসি স্কোয়ারে এনআইএ-র নিজস্ব থানা কাজ শুরু করবে। নিউটাউন অ্যাকশন এরিয়া-৩ এলাকায় থাকা এনবিসিসি ভবনের ১৫ তলায় এনআইএ থানা তৈরি হবে। এই থানার এক্তিয়ারেই থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ। রাজ্যের যেকোনও প্রান্তে ঘটে যাওয়া অপরাধের তদন্তের প্রয়োজনে এখানেই এফআইআর দায়ের করতে পারবে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) আইনের অধীনে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যপাল এই থানার অনুমোদন দিয়েছেন।
দেশজুড়ে এনআইএ’র মামলাগুলোর জন্য পৃথক আদালত গঠন করার নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের। সেই নির্দেশ মেনে এই রাজ্যে আদালত তৈরি হবে। এই আদালতে শুধুমাত্র এনআইএ মামলাগুলিরই শুনানি হবে বলে জানা গিয়েছে। কোথায় হবে তা ঠিক করবে কলকাতা হাইকোর্ট। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, রাজ্যে তাদের মামলার সংখ্যাও অনেকটা বেড়েছে। আলাদা আদালত গঠন হলে মামলার কাজ দ্রুত এগোনো সম্ভব হবে।
NIA Police Station
এনআইএ’র থানা তৈরি হবে নিউটাউনে
×
Comments :0