CITU State Council

আক্রমণের লক্ষ্য শ্রমজীবীরা, প্রতিরোধ জারি রাখার বার্তা সিআইটিইউ’র

রাজ্য

রাজ্য কাউন্সিল সভায় আলোচনা করছেন চা-শ্রমিক সিকান্দার মাঝি।

উৎপল মজুমদার: মালদহ

এই প্রথম রাজ্যে আরএসএস নিয়ন্ত্রিত সরকার। প্রথমেই সরাসরি আক্রমণ নামিয়ে আনা হয়েছে সাধারণ শ্রমজীবী মানুষের উপর। পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করতে অভিযান চালাচ্ছে। উচ্ছেদ প্রতিরোধে লড়াই জারি রাখবে সিআইটিইউ। 
সোমবার মালদহ কলেজ অডিটরিয়ামের সানাউল্লাহ মঞ্চে সিআইটিইউ-র ৬৭তম রাজ্য কাউন্সিল সভার উদ্বোধন ও প্রতিবেদন পেশ করার মধ্য দিয়ে এই আহ্বান জানান সংগঠনের রাজ্য সভাপতি অনাদি সাহু ও সম্পাদক জিয়াউল আলম। 
দু’দিনের এই রাজ্য কাউন্সিল সভা অনুষ্ঠিত হল মালদহ কলেজ অডিটরিয়ামের সানাউল্লাহ মঞ্চ ইন্দ্রজিৎ মিত্র ও তপন মন্ডল নগরে দেবাঞ্জন চক্রবর্তী, দীপক সরকার ও কিংকর পোষাক মঞ্চে। 
উল্লেখ্য এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মালদহ টাউন হলে। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে জেলা প্রশাসন প্রশাসনিক সভায় অজুহাত দেখিয়ে সভা স্থল সরিয়ে দেয় সানাউল্লাহ মঞ্চে। ফলে সমস্যায় পড়তে হয় উদ্যোক্তাদের। যার ফলে কর্মসূচি শুরু করতে প্রায় ঘন্টাখানেকের মতো দেরি হয়।
এরপর সভার সূচনায় অনাদি সাহু বলেন, এই সরকার একই শ্রমজীবী ও সাধারণ মানুষের স্বার্থবিরোধী সরকার। সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী কায়দায় সরকার চালাচ্ছে। মানুষের প্রতিবাদ‌ বন্ধ করতে দানবীয় আইন আনছে। মানুষের আন্দোলনকে রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দমাতে চেষ্টা করছে। 
এই প্রসঙ্গে তিনি সম্প্রতি বারুইপুরের এক নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ‌ ও খুনের ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সরকার অপরাধীদের আড়াল করতে সচেষ্ট। শুধু বারুইপুর নয় নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতন বাড়ছে। 
জিয়াউল আলম বলেন, মানুষ যে আশায় সরকারে পরিবর্তন এনেছিল মাত্র দুমাসেই হতাশা নেমে এসেছে মানুষের মধ্যে। বিশেষতঃ শ্রমজীবী মানুষেরা শুরু থেকেই আক্রমণের শিকার হয়েছেন। এসবের বিরুদ্ধে সিআইটিইউকে পথে নামতে হবে, পাশে দাঁড়াতে হবে।

Comments :0

Login to leave a comment