CPI-M Polit BUREAU

স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার দাবিতে দেশে প্রচার অভিযানের ডাক পলিট ব্যুরোর

জাতীয়

দল ভাঙিয়ে সংসদে দুই তৃতীয়াংশ গরিষ্ঠতায় পৌঁছাতে চাইছে বিজেপি। কেবল ডিলিমিটেশন নয়, হিন্দুত্ববাদী-মনুবাদী পদক্ষেপ নিতেও যাতে সরকারের অসুবিধা না হয় এই প্রয়াস সে জন্যই।
মঙ্গলবার বিবৃতিতে একথা বলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। বিবৃতিতে জানানো হয়েছে যে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার দাবিতে দেশ জুড়ে প্রচার অভিযান চালানো হবে। 
সম্প্রতি বিদেশ মন্ত্রক বলেছে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়। এসআইআর প্রক্রিয়া নাগরিকত্বের প্রশ্নকে ঘিরেই তুমুল বিতর্ক হয়েছে। পলিট ব্যুরো বলেছে, নাগরিকত্বের সংজ্ঞাকে অস্ত্র করে সাম্প্রদায়িক মনোভাব থেকে পঞ্জিকরণের কাজ করতে চাইছে বিজেপি সরকার। ছেঁটে দেওয়া হচ্ছে ভোটাধিকার। এই অগণতান্ত্রিক প্রক্রিয়া এখনই বন্ধ করার দাবি জানিয়েছে পলিট ব্যুরো। ভোটার তালিকায় বৈধ সব ভোটারের নাম তোলার দাবি জানিয়েছে। পাসপোর্ট, আধারের মতো সরকারি নথির আইনি নির্ভরযোগ্যতা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছে। 
কেন্দ্রীয় পরীক্ষা সংস্থা এনটিএ’র ব্যর্থতা সম্পর্কে ফের সরব হয়েছে পলিট ব্যুরো। এনটিএ বাতিলের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তোলা হয়েছে। 
রামমন্দিরে চুরি এবং কৃষি মন্ত্রকের ভরতুকির টাকা খোদ মন্ত্রীর নেওয়ার বিষয়ের উল্লেখ করেছে পলিট ব্যুরো বিবৃতিতে বলেছে, সঙ্ঘ পরিবারের নেতৃত্বে রাম মন্দির আন্দোলনে সামনের সারিতে ছিল এমন একাধিক নাম মন্দিরের তহবিল চুরির ঘটনায় সামনে এসেছে। দানের অর্থ নয়ছয়ে এমন কয়েকজন অভিযুক্ত। সঙ্ঘ পরিবারের আসল চরিত্র পরিষ্কার হয়ে যাচ্ছে। 
পলিট ব্যুরো বলেছে, আমেরিকা-ইরান সমঝোতা কতটা ভঙ্গুর তা স্পষ্ট হয়ে গিয়েছে। ইজরায়েল লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে। সংঘর্ষবিরতি জারি করতে হলে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জনতাকে শামিল করা জরুরি। সেই সঙ্গে বলা হয়েছে যে সমঝোতার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমছে। কিন্তু বর্ধিত দাম কমানোর ব্যবস্থা নি্চ্ছে না মোদী সরকার।

Comments :0

Login to leave a comment