Cooch Behar BJP Leader

অপহরণ করে টাকা দাবি, জেল হেফাজত কোচবিহারের বিজেপি নেতার

জেলা

ইসমাইল মিয়া নামে এক ধান ব্যবসায়ীকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে গ্রেপ্তার বিজেপির কোচবিহারে জেলার নেতা পংকজ সাহাকে  জেল হেফাজতের নির্দেশ দিল মাথাভাঙা মহকুমা আদালত।
অপহরণ করে দুই লক্ষ টাকা দাবির অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে পংকজ সাহাকে। বৃহস্পতিবার তাঁকে মাথাভাঙ্গা এসিজেএম আদালতে তোলা হলে বিচারক আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।
ঘটনার সূত্রপাত গত ১৫ আগস্ট। অভিযোগ অনুযায়ী, ওই দিন ধান কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন ইসমাইল মিয়া। এরপর একটি অচেনা নম্বর থেকে তাঁর কাছে মোবাইলে ফোন আসে। ফোন পেয়ে ইসমাইল মিয়া ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে যায়। অভিযোগ, এরপর তাঁকে শীতলখুচি সেন্ট্রাল ব্যাংকের পাশে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তাঁর কাছে দুই লক্ষ টাকা দাবি করেন।
অভিযোগে সেই সময় কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। পরে বাধ্য হয়ে দুই লক্ষ টাকা দেওয়ার পর বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যরা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা যায়, তদন্তে ব্যবহৃত ফোন নম্বরটিকে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে সামনে রাখা হয়। ওই ফোন নম্বরের সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে পংকজ সাহাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। এরপর বৃহস্পতিবার তাঁকে মাথাভাঙ্গা এসিজেএম আদালতে পেশ করা হয়। মামলায় তার বিরুদ্ধে ১৪০(২), ১৪০(৩), ১১৫(২), ২১১৭২, ৩০৩(৫) এবং ৩৫১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। 
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য পংকজ সাহা বিজেপির জেলা কমিটির একজন সদস্য হিসেবে নিজের পরিচয় দিত। তবে তার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে এই মামলার অভিযোগের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ।
এখন তদন্তে পুলিশের মূল প্রশ্ন—অভিযোগে ব্যবহৃত ফোন নম্বরের সঙ্গে পংকজ সাহার যোগসূত্র কতটা এবং ইসমাইল মিয়ার কাছ থেকে দুই লক্ষ টাকা দাবি ও আদায়ের ঘটনায় তাঁর ভূমিকা ঠিক কী ছিল। পুলিশ ওই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খুঁজছে।

Comments :0

Login to leave a comment