লাগাতার বৃষ্টিপাত সত্ত্বেও ডুয়ার্সের চা বলয়ে মারণ পোকা ‘লুপার’-এর দাপট। হেক্টরের পর হেক্টর জমিতে কচি চা পাতা খেয়ে সাবাড় করে দিচ্ছে লুপার পোকা। আক্রান্ত গাছগুলি কার্যত ঝাড়ুর মতো দাঁড়িয়ে রয়েছে। টি বোর্ড অনুমোদিত প্রচলিত কীটনাশকও এখন লুপার দমনে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বড় চা বাগানের পাশাপাশি ধূপগুড়ি ও ময়নাগুড়ির ক্ষুদ্র ও মাঝারি চা চাষিরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বিশেষজ্ঞ ও গবেষকদের মতে, লুপারের প্রজাতিগত ও জিনগত পরিবর্তন ঘটছে। টি বোর্ড অনুমোদিত প্রধান দুই কীটনাশক—‘ইমামেটিন বেনজয়েড’ ও ‘ফ্লুবেনডিয়ামাইড’-এর লাগাতার ব্যবহারের ফলে পোকাগুলির শরীরে এই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। গয়েরকাটা চা বাগানের এক আধিকারিকের কথায়, ‘‘লুপার নিয়ন্ত্রণ এখন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ছায়াগাছ থেকে চা গাছে এই সংক্রমণ ছড়াচ্ছে। বিশেষ করে ৩০ ফুট উঁচু ছায়াগাছে পোকা ডিম পাড়ায় কীটনাশক সেখানে পৌঁছানো যাচ্ছে না।’’
পতঙ্গবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান উষ্ণ আবহাওয়া লুপারের প্রজনন হার অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে। লুপারের অন্যতম শক্তিশালী প্রজাতি ‘এইচ টেলোকা’ এতটাই ধ্বংসাত্মক দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে মাত্র ১৫ দিনে ১ হেক্টর এলাকার প্রায় ৮০০ কেজি কাঁচা পাতা নষ্ট করে দিতে পারে।
ডুয়ার্সের বড় বাগানগুলির পাশাপাশি ধূপগুড়ি ও ময়নাগুড়ি ব্লকের ক্ষুদ্র ও মাঝারি চাষিদের অবস্থা সবচেয়ে শোচনীয়। প্রথম তিনটি ‘ফ্ল্যাশে’ ভালো ফলন পেলেও, জুন মাস থেকে লুপারের হানায় সব হিসাব ওলটপালট হয়ে গেছে। ক্ষুদ্র চা চাষি অশোক মিত্রের কথায়, বারবার ওষুধ স্প্রে করেও পোকা দমানো যাচ্ছে না। বহু ক্ষুদ্র চা বাগান এখন ধ্বংসের মুখে।
চা বণিকসভা ‘ডিবিআইটিএ’র সচিব শুভাশিস মুখোপাধ্যায় বলেন,‘‘চা শিল্পে লুপার এখন এক বিরাট ত্রাস হয়ে দাঁড়িয়েছে।’’ টিআইপিএ’র চেয়ারম্যান মহেন্দ্র বনসল লুপারের পাশাপাশি ‘গ্রিন ফ্লাই’-এর প্রকোপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। মে মাসে হামলার তীব্রতা সবচেয়ে বেশি থাকলেও, জুলাই মাসেও ঝুঁকি কমেনি বলেই জানাচ্ছেন বাগান কর্তৃপক্ষ।
উৎসবের মরশুমের আগে এই ব্যাপক ক্ষতির ফলে ক্ষুদ্র চাষিরা চরম অর্থনৈতিক সঙ্কটের আশঙ্কা করছেন। অবিলম্বে টি বোর্ড ও কৃষি বিজ্ঞানীদের হস্তক্ষেপ এবং লুপার দমনে নতুন কোনও কার্যকর রাসায়নিকের সন্ধানের দাবি জানিয়েছেন বাগান মালিক ও চা চাষিরা।
Dooars Tea Industry
লুপার পোকার দাপটে সঙ্কটে ডুয়ার্সের চা শিল্প
×
Comments :0