চা-বাগানে ব্যবহৃত রাসায়নিকের কার্টনের আড়ালে মাদক পাচারের অভিযোগে দুই যুবককে বানারহাট থানার পুলিশ গ্রেপ্তার করল। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বানারহাটের রেড ব্যাঙ্ক সংলগ্ন জাতীয় সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার ৪১৭৬টি মাদকজাত ট্যাবলেট উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে দুইজন নাগরাকাটার দিক থেকে বানারহাটের দিকে আসছিল।পুলিশের সন্দেহ হওয়ায় রেড ব্যাঙ্ক সংলগ্ন জাতীয় সড়কে বাইকটি আটক করে তল্লাশি চালায়। বাইকে থাকা দুই যুবকের কাছে একটি কাগজের কার্টন ছিল। কার্টনের গায়ে স্থানীয় দুটি চা-বাগানের নামের পাশাপাশি ‘টি কেমিক্যাল স্যাম্পেল’লেখা লেবেল লাগানো ছিল।
কার্টনটি দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কার্টন খুলে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই বিপুল পরিমাণ মাদকজাত ট্যাবলেট উদ্ধার হয়েছে।
ধৃতদের নাম অজয় বিশ্বকর্মা (৪১) ও অনুরোধ ওঁরাও (২১)। তাদের বাড়ি বানারহাট চা-বাগান এবং গ্যান্দ্রাপাড়া চা-বাগান এলাকায়। পুলিশ তাঁদের বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে।
উদ্ধার হওয়া মাদকের উৎস, কোথায় তা পাচারের উদ্দেশ্য ছিল এবং এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না,তা বানারহাট থানার পুলিশ খতিয়ে দেখছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারচক্রের আরও তথ্য জানার চেষ্টা চলছে।
Banarhat
চা বাগানের রাসায়নিকের কার্টনে মাদক পাচার, বানারহাটে গ্রেপ্তার ২
×
Comments :0