মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক বৃদ্ধের। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতাগ্রামের ভাটিয়া পাড়া এলাকায়। মৃত বৃদ্ধের নাম খগেন্দ্রনাথ রায়(৭০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খগেন্দ্রনাথ রায়ের দীর্ঘদিনের মাছ ধরার নেশা ছিল। আবহাওয়া যেমনই থাকুক, তিনি প্রায়শই ভোরে জাল নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়তেন। এদিন ভোরবেলাও তিনি জাল নিয়ে পুকুরের দিকে যাচ্ছিলেন। জানা গেছে, রাতভর ভারী বৃষ্টির কারণে এলাকায় একটি গাছ বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়েছিল, যার ফলে একটি বৈদ্যুতিক তার রাস্তার ওপর ছিঁড়ে পড়ে থাকে। ভোরে অন্ধকারের মধ্যে রাস্তার ওপর পড়ে থাকা সেই তারটি তিনি খেয়াল করেননি। অসাবধানতাবশত ওই তারে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
পরবর্তীতে অন্য এক ব্যক্তি মাছ ধরতে যাওয়ার সময় তাঁকে রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন। তিনিই তৎক্ষণাৎ বিদ্যুৎ পরিষেবা বন্ধ করান। এরপর স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান, কিন্তু ততক্ষণে বৃদ্ধের মৃত্যু ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে মৃত বৃদ্ধের পরিবার।
Electrocution Deaths
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
×
Comments :0