কাটমানি,ফান্ড নয়ছয়ের অভিযোগে দু’সপ্তাহ ধরে বন্ধ ছিল জামালদহ সংঘ সমবায়ে’র কার্যালয়! অবশেষে বন্ধ স্বনির্ভর গোষ্ঠীর জামালদহ সংঘ সমবায়ে-র অচলাবস্থা কাটাতে পাঁচ সদস্যের অস্থায়ী কমিটি গঠন হল বুধবার রাতে।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে টানা দুই সপ্তাহ ধরে অচলাবস্থা চলছিল জামালদহ সংঘ সমবায়ে। এই পরিস্থিতিতে বুধবার রাতে বিক্ষুব্ধ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংঘের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার লক্ষ্যে পাঁচ সদস্যের একটি অস্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি তৃণমূল প্রভাবিত পুরোনো পরিচালন কমিটিকে সম্পূর্ণ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। জানা গিয়েছে, জামালদহ সংঘের অধীনে মোট ৫১১টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, যার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত প্রায় পাঁচ হাজার মহিলা। দীর্ঘদিন ধরে এই সংঘ এলাকার মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একসময় ‘মডেল সংঘ’ হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠান সম্প্রতি একাধিক দুর্নীতির অভিযোগে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিল। অভিযোগের তির সংঘের কো-অর্ডিনেটর, সিএসপি এবং পরিচালন পর্ষদের (বিওডি) সহ কয়েকজন সদস্যের বিরুদ্ধে। বিক্ষুব্ধ সদস্যাদের দাবি, সংঘে আর্থিক অনিয়ম, স্বচ্ছতার অভাব এবং সাধারণ সদস্যাদের মতামতকে উপেক্ষা করার ঘটনা দীর্ঘদিন ধরেই চলছিল। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিডিও দপ্তরেও গোষ্ঠীর সদস্যদের গণস্বাক্ষর-সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ বুধবারও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, ব্যক্তিগত স্বার্থে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে তাঁরাও পাল্টা অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। এদিকে সংঘের অচলাবস্থার কারণে বহু স্বনির্ভর গোষ্ঠীর ঋণ, সঞ্চয় এবং অন্যান্য প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ সদস্যাদের। ফলে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এখন পাঁচ সদস্যের অস্থায়ী কমিটি গঠনের উদ্যোগ কতটা কার্যকর হয় এবং প্রশাসন এই ঘটনায় কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সংঘের অধীনে থাকা ৫ হাজারের বেশি মহিলা।
Jamaldah Sangha Cooperative
জামালদহের সংঘ সমবায়ে পাঁচ সদস্যের কমিটি গঠন
×
Comments :0