Kaliachak Eviction

কালিয়াচকে হকার উচ্ছেদ, বিপন্নদের পাশে সিপিআই(এম) নেতৃবৃন্দ

জেলা

কালিয়াচকে বিপন্নদের কাছে দেবজ্যোতি সিনহা সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ।

এবার বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ হলো মালদহের কালিয়াচক-৩ ব্লকের ১৬ মাইল এলাকায়।‌ সরকারি  জমিতে জবরদখল করে থাকার অভিযোগে দোকানঘর ও বাড়ি সোমবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো কোনরকম আগাম সতর্কবার্তা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি না দিয়েই। সোমবার দুপুরে প্রশাসন, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও জাতীয় সড়কে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এইসব দোকান ও বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একদিকে রোজগারের পথ বন্ধ, অন্যদিকে মাথা গোঁজার ঠাঁইও থাকল না। সব মিলিয়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। 
মঙ্গলবার বিকালে সিপিআই(এম) নেতা এবং সিআইটিইউ-র জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহার নেতৃত্বে পার্টি ও সিআইটিইউ-র স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলেন।  দেবজ্যোতি সিনহা বলেন, এই জায়গা ন্যাশনাল হাইওয়ে অথরিটির নয়। পিডব্লউডি’র জায়গা। তবু এনএইচ কর্তৃপক্ষ কোনও রকম নোটিশ না দিয়ে একতরফাভাবে হকারদের দোকান ও  বাড়ি ভেঙে দিয়েছে। আমরা চাই এদের পুনর্বাসন, বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে। 
তিনি জানান, দোকানদারদের প্রয়োজনে আইনি সহায়তা করা হবে। এ প্রসঙ্গে তিনি যাদবপুরের বিষয়ে উল্লেখ করে বলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করায় আদালত বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত উচ্ছেদে স্থগিতাদেশ দিয়েছে। একই সাথে এলাকার বিজেপি বিধায়কের নিষ্ক্রিয়তার উল্লেখ তিনি।

Comments :0

Login to leave a comment