অস্বাভাবিক হারে সদ্যোজাত শিশু মৃত্যু কেন থামছে না। এই দাবিকে সামনে রেখে শুক্রবার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখালো এসএফআই, ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতি। কর্তৃপক্ষকে দেওয়া হলো স্মারকলিপিও।
চলতি আগস্ট মাসে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্বাভাবিক হারে সদ্যোজাত শিশু মৃত্যু হয়েছে। গোটা জেলা তথা রাজ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাজ্যের একটি টিম হাসপাতালে আসছে বলে জানান সুপার।
এ মাসে তিন সপ্তাহে ৬০ জন সদ্যোজাতের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক দিনেই ১০ জন সদ্যোজাতের মৃত্যু হয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতাল বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উপর রেফার করে পাঠানোর অজুহাত দিচ্ছে। তবে জেলার মানুষ তা মেনে নিতে পারছেন না।
শুক্রবার মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে হয় বিক্ষোভ সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা নেত্রী লিলি বিশ্বাস। সভায় বক্তব্য রাখেন লিলি বিশ্বাস সহ অরূপ পোদ্দার, কৌশিক মৈত্র, মধুরিমা, মোজাফ্ফর হোসেন , অর্ঘ বসাক, প্রবীণ কুমার দাস প্রমুখ ছাত্র-যুব- মহিলা নেতৃত্ব।
নেতৃত্ব মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের শোচনীয় পরিস্থিতির কথা উল্লেখ করে এই শিশু মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে দোষীদের কঠোরতম শাস্তি দাবি করেন। পরে প্রতিনিধি দল গিয়ে হাসপাতালের এমএসভিপি ও সুপারের কাছে স্মারকলিপি দিয়ে হাসপাতালের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সুপার বলেন, মূলতঃ বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে অসুস্থ শিশুদের পাঠানো হচ্ছে। তাতে হাসপাতাল কর্তৃপক্ষ সমস্যায় পড়ছে। গোটা বিষয়টি নিয়ে তাঁরা একটি রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরে জমা দিয়েছেন। রাজ্যের থেকে একটি টিম আসছে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে।
Maldah New Born Death
তিন সপ্তাহে ৬০ সদ্যোজাতের মৃত্যু, মালদহ হাসপাতালে বিক্ষোভ, আসছে টিম
×
Comments :0