রাজ্য সরকারী কর্মচারীদের ওপরে দমন পীড়ন বন্ধ ও বকেয়া ডি-এর দাবিতে ১৩মার্চ রাজ্যের সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘট সফল করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি। বৃহস্পতিবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির পক্ষ থেকে আহ্বায়ক অনাদি সাহু প্রেস বিবৃতি জারি করে একথা জানিয়েছেন। রাজ্য সকারের বকেয়া মহার্ঘ ভাতা দাবিতে ১৩মার্চ যৌথভাবে সমস্ত শ্রমিক কর্মচারী সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছে।
রাজ্যের বামফ্রন্ট সরকার পঞ্চম বেতন কমিশনের সময় রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার অধিকার আইনত স্বীকৃতি দিয়েছে। বর্তমান রাজ্য সরকার তার কর্মচারীদের কেন্দ্রীয় হারের ডিএ পাওয়ার অধিকারকে অস্বীকার করে কম হারে ডিএ দিতে শুরু করলে শ্রমিক কর্মচারীরা বহু আবেদন নিবেদনের পর হাইকোর্টে মামলা করে। হাইকোর্ট শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবিকে স্বীকৃতি দিলে রাজ্য সরকার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবিকে মান্যতা দেয় এবং ৬মার্চের মধ্যে রাজ্য সরকারকে ২৫ শতাংশ বকেয়া ডিএ পরিশোধ করা নির্দেশ দেন। কিন্তু রাজ্য সরকার ডিএ পরিশোধ করার পরিবর্তে শ্রমিক কর্মচারীদের উপরে দমন নীতি গ্রহণ করে তার বিরুদ্ধে সমস্ত শ্রমিক কর্মচারী যৌথভাবে আগামী ১৩মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের সকল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ১৩মার্চের ধর্মঘটকে সমর্থন করছে। রাজ্য সরকারি শ্রমিক কর্মচারী সহ সরকারের কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শিক্ষক, অশিক্ষক সহ সমস্ত শ্রমিক কর্মচারীদের এই ন্যায্য দাবিতে ডাকা ধর্মঘটের সাফল্য কামনা করছে এবং রাজ্য সরকারকে শ্রমিক কর্মচারীদের এই ন্যায্য দাবী অবিলম্বে মান্যতা দেবার দাবী করছে।
Comments :0