Chakdaha

চাকদহে যুবতীকে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে

জেলা

চাকদহে যুবতীকে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তদের প্রকাশ্যে মারতে মারতে থানায় নিয়ে গেলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, চয়ন রায় নামে এক যুবকের সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। গত ১০ আগস্ট যুবতীকে ধর্ষণ করে ঘটনার ভিডিও মোবাইলে তুলে রাখে সে। ওই ভিডিওকে হাতিয়ার করে বিভিন্ন সময়ে যুবতীকে ব্ল্যাকমেল করা হয় এবং টাকা দাবি করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, মানসিক চাপে ওই যুবতী বিষপান করেন। যদিও কোনওরকমে প্রাণে বেঁচে যান তিনি। অভিযোগ, এরপরও টাকা না পেয়ে যুবতীর ছবি বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেয় অভিযুক্ত। বিভিন্নভাবে তাঁকে চাপও দিতে থাকে। পুলিশ পরিচয় দিয়েও বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে টাকা চাওয়া হয়। আরও মারাত্মক অভিযোগ হল, অভিযুক্ত যুবক সেই ভিডিও তার জ্যাঠতুতো ভাই অসীম রায়কে দেন। সেই ভিডিও দেখিয়ে অসীমও ওই যুবতীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, তাঁরা অভিযুক্তদের ধরে থানায় নিয়ে আসেন। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই চাকদহ থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

Comments :0

Login to leave a comment