নদীর চর দখল করে গড়ে তোলা একটি বিলাসবহুল রিসোর্ট অবশেষে নিজেদের দখলে নিল প্রশাসন। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের মাটিয়ালি বাতাবারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালডাঙ্গা এলাকায়। কুর্তি নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা ‘গ্র্যান্ড ডুয়ার্স ইকো রিসোর্ট’ নামে এই অবৈধ নির্মাণকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, প্রায় ১০-১২ বছর আগে তৃণমূলের এক প্রভাবশালী নেতার মদতে এই রিসোর্টের মালিক সৌমেন মালাকার কুর্তি নদীর চরের সরকারি জমি দখল করেন। অভিযোগ, যেখানে রিসোর্ট টি তৈরি করা হয়েছে, তার ওপর দিয়েই একসময় নদীর প্রবাহপথ ছিল। নদীর মূল প্রবাহের ধার ঘেঁষে নিয়ম বহির্ভূতভাবে বিশাল এলাকা জুড়ে রিসোর্ট গড়ে তোলা হয়। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক আশ্রয়েই দীর্ঘ দিন ধরে এই সরকারি জমি জবরদখল করে রাখা হয়েছিল।
বেআইনিভাবে সরকারি জমি দখলের বিষয়টি সামনে আসার পর নড়েচড়ে বসে মাল মহকুমা প্রশাসন। গত ৪ জুলাই ওই রিসোর্টে উচ্ছেদ নোটিশ টাঙিয়ে দেয় প্রশাসন। রিসোর্ট কর্তৃপক্ষকে ১০ জুলাইয়ের মধ্যে সমস্ত জিনিসপত্র সরিয়ে জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।কিন্তু সেই নির্দেশ অমান্য করে রিসোর্ট খালি না করায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
এদিন মাটিয়ালি ব্লকের বিএলআরও সন্তোষ লোহরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে রিসোর্ট প্রাঙ্গণে পৌঁছান। মহকুমা শাসকের নির্দেশে রিসোর্টটিতে সরকারি বোর্ড লাগিয়ে সিল করে দেওয়া হয়।
এ বিষয়ে মাটিয়ালি ব্লকের বিএলআরও সন্তোষ লোহরা বলেন,‘‘মহকুমা শাসকের নির্দেশে এদিন রিসোর্টটিতে সরকারি বোর্ড ও নোটিশ লাগিয়ে প্রশাসনের দখলে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ অনুযায়ী এই জায়গা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’ নদীর গতিপথ রুদ্ধ করে এবং সরকারি জমি দখল করে গড়ে ওঠা এই রিসোর্ট প্রশাসনের দখলে আসায় স্থানীয় বাসিন্দাদের একাংশ স্বস্তি প্রকাশ করেছেন।
Dhupguri Resort
নদীর চর দখল করে অবৈধ রিসোর্ট, দখল নিলো প্রশাসন
×
Comments :0