Jalpaiguri

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, কর্মবিরতি জলপাইগুড়ির সাফাই কর্মীদের

জেলা

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সামিল হলেন জলপাইগুড়ি পৌরসভার সাফাই কর্মীরা। বেতন না পাওয়ার ক্ষোভে পৌরসভার চেয়ারম্যানের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান কর্মীরা। ওঠে ‘‘চোর-চোর’’ স্লোগানও। আন্দোলনের জেরে শহরের ২৫টি ওয়ার্ডেই সাফাই পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে পড়ে।
সাফাই কর্মী ইউনিয়নের দাবি, পৌরসভার ৩১৬ জন কর্মী দীর্ঘদিন ধরে অতি স্বল্প বেতনে কাজ করছেন। তার উপর টানা তিন মাস বেতন না পাওয়ায় তাঁদের সংসার চালানোই দুষ্কর হয়ে উঠেছে। একাধিকবার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা কর্মবিরতির পথে হাঁটতে বাধ্য হয়েছেন। আন্দোলনকারীরা সাফাইয়ের গাড়িগুলিও আটকে দেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, বকেয়া বেতন মেটানো ও নিয়মিত বেতন প্রদানের নিশ্চয়তা না মিললে কাজে ফিরবেন না।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যজুড়ে একের পর এক পৌরসভায় আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসছে। বিভিন্ন পৌর এলাকায় কর্মীদের বেতন বকেয়া, পরিষেবা ব্যাহত হওয়া এবং আর্থিক সংকটের ঘটনাও নতুন নয়। তারই প্রতিফলন দেখা যাচ্ছে জলপাইগুড়িতেও। অথচ সাধারণ মানুষের জন্য অপরিহার্য পরিষেবা চালু রাখতে যাঁরা প্রতিদিন কাজ করেন, সেই সাফাই কর্মীদেরই মাসের পর মাস বেতন থেকে বঞ্চিত থাকতে হচ্ছে।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ করে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। অন্যথায় আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে।

Comments :0

Login to leave a comment