ভারতই বারবার প্রতিশ্রুতি রাখেনি, তাই বুলেট ট্রেন প্রকল্পে না হওয়ার গোটা দায় ভারতেরই। সম্প্রতি জাপানের প্রাক্তন স্বরাষ্ট্র ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী হিদেকি মাকিহারা এমনই দাবি করেছেন। সোসাল মিডিয়ার পোস্টে তাঁর দাবি, মুম্বাই-আমেদাবাদ বুলেট ট্রেন (শিনকানসেন) প্রকল্পে বিলম্বের জন্য ভারতই দায়ী। তাঁর অভিযোগ, ভারত বারবার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি, প্রকল্পের নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সিগন্যালিং ব্যবস্থা সরবরাহ থেকেও জাপানকে বাদ দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। তাঁর মতে, প্রকল্পে অগ্রগতি না হওয়ার সম্পূর্ণ দায় ভারতের।
জাপানের প্রাক্তন মন্ত্রী হিদেকি মাকিহারার মন্তব্যকে অবশ্য সম্পূর্ণ খারিজ করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এটি একজন ব্যক্তির নিজস্ব মতামত এবং প্রকৃত তথ্যের সঙ্গে এর যথেষ্ট অমিল রয়েছে। মুম্বাই-আমেদাবাদ উচ্চগতির রেল প্রকল্প নিয়ে ভারত ও জাপানের মধ্যে আলোচনা বাস্তবে অত্যন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে।” মুখপাত্র জানান, বর্তমানে উন্নয়নাধীন ই-১০ (ই ১০) সিরিজের শিনকানসেন ট্রেন ২০৩০-এর দশকের গোড়ার দিকে জাপান সরবরাহ করবে।
জয়সওয়াল আরও বলেন, প্রকল্পের নির্মাণকাজ দ্রুত এগচ্ছে এবং রেল করিডরের প্রথম অংশ ২০২৭ সালেই চালু করার লক্ষ্য রয়েছে। সেই কারণে দুই দেশ আপাতত একটি ভারতীয় উচ্চগতির ট্রেন দিয়ে পরিষেবা শুরু করার বিষয়ে একমত হয়েছে।
সিগন্যালিং ব্যবস্থা প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক মানদণ্ড মেনে প্রয়োজনীয় সরঞ্জামের অর্ডার দেওয়া হয়েছে এবং এই বিষয়ে জাপানের পক্ষ থেকে কোনও প্রস্তাব পাওয়া যায়নি। তাঁর কথায়, প্রকল্পটি যত দ্রুত সম্ভব চালু করার অভিন্ন লক্ষ্য নিয়েই ভারত ও জাপান একযোগে কাজ করছে।
Bullet Train
বুলেট ট্রেনে বিলম্বের দায় ভারতের, জাপানের প্রাক্তন মন্ত্রীর দাবি
×
Comments :0