ডুয়ার্সের চা বাগানগুলিতে চিতাবাঘের উপদ্রব যেন কিছুতেই কমছে না। ফের চিতাবাঘের উপস্থিতিতে আতঙ্ক ছড়াল নাগরাকাটার ভগৎপুর চা বাগানে। বৃহস্পতিবার সকালে ওই চা বাগানের ১৪ নম্বর সেকশনে পাতা খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। অল্প কয়েক দিনের ব্যবধানে পরপর দুটি চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় চা শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বেশ কিছুদিন ধরেই ভগৎপুর চা বাগানে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন শ্রমিকরা। এর ফলে বাগানে কাজ করতে গিয়ে সবসময় একপ্রকার আতঙ্কে থাকতে হচ্ছিল তাঁদের। পরিস্থিতি বিবেচনা করে বাগান কর্তৃপক্ষের তরফে বনদপ্তরের কাছে খাঁচা পাতার আবেদন জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতেই প্রায় এক সপ্তাহ আগে বাগানের ১৪ নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়েছিল।
বৃহস্পতিবার সকালে শ্রমিকরা খাঁচার ভেতর চিতাবাঘের গর্জন শুনতে পান। কাছে গিয়ে দেখেন, খাঁচার ভেতরে বন্দি অবস্থায় ছটফট করছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। তাঁরাই খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।
উল্লেখ্য, এর আগে গত ২৯ তারিখও এই একই বাগানে আরও একটি চিতাবাঘ ধরা পড়েছিল। পরপর দুটি চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শ্রমিকদের আশঙ্কা, বাগানের ভেতরে আরও চিতাবাঘ লুকিয়ে থাকতে পারে। যার ফলে বাগান এলাকায় কাজ করা এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন শ্রমিকরা।
Leopard
ফের খাঁচাবন্দি চিতাবাঘ, আতঙ্ক ডুয়ার্সে
×
Comments :0