প্রথম দিন থেকে বলা হয়েছে যে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা জালিয়াতিতে সরকারই দায়ী। দায়ী শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁকে ইস্তফা দিতে হবে। ঘটনাক্রম দেখিয়ে দিয়েছে অন্যায় করে পার পাওয়া যাবে না।
শনিবার প্রধানের ইস্তফার পর এই প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন বারুইপুরে সিপিআই(এম)’র ডাকে মিছিলে যোগ দেন তিনি।
সেলিম বলেন, তিনজন ছাত্র দেখিয়ে দিয়েছে সিবিএসই পরীক্ষায় কিভাবে জালিয়াতি হয়েছে। তার মাশুল দিতে হয়েছে ছাত্রছাত্রীদের। ‘নিট’ প্রশ্নপত্র ফাঁসের কারণে কতগুলি ছাত্রছাত্রীর প্রাণ ঝরে গেল। যারা ডাক্তারি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল তাদের সঙ্গে অন্যায় করা হলো। অথচ সরকার চুপ করে বসে ছিল। সেলিমের মন্তব্য, সেই তো মল খসালি তবে কেন লোক হাসালি।
সেলিম বলেন, লাগাতার আন্দোলন এবং প্রধানের ইস্তফা প্রমাণ করেছে অন্যায় করে পার পাওয়া যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোন বা মুখ্যমন্ত্রী হোন বা য সরকারই হোক, তাদের শিক্ষা নিতে হবে।
সেলিম বলেন, প্রথম থেকে দাবি ছিল ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করুন। ককরোচ জনতা পার্টি বা ছাত্র-যুব সংগঠনগুলি তো বটেই, গোটা দেশের মানুষ এই দাবি তুলছিলেন। সেটা মোদী চাইছিলেন না। তার বদলে মিথ্যাচার করা হলো, গোদী মিডিয়াকে দিয়ে মিথ্যা বলানো হলো। আন্দোলন দমন করতে বলপ্রয়োগ করা হলো। পুলিশকে দিয়ে অন্যায় করা হলো, পেলেট গান দিয়ে গুলি ছোঁড়া হলো। মিথ্যা মামলা করা হলো।
Comments :0