কলকাতায় ২০০২ সালের আমেরিকান সেন্টার হামলার মূলচক্রী আফতাব আহমেদ আনসারির সেল থেকে তিনটি মোবাইল ফোন, ওয়াই-ফাই সরঞ্জাম এবং ৩১ হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে। শনিবার কারা দপ্তরের আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন।
প্রেসিডেন্সি সংশোধনাগারে আনসারির সেলে তল্লাশি চালিয়ে এই সামগ্রীগুলি উদ্ধার করা হয়। ঘটনার পর জেল কর্তৃপক্ষ হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আমেরিকান সেন্টার হামলা মামলায় দোষী সাব্যস্ত আনসারি বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। প্রেসিডেন্সি সংশোধনাগারের ১৪ নম্বর সেলে তাকে রাখা হয়েছে।
কারা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, জেলের ভিতরে আনসারি মোবাইল ফোন ব্যবহার করছেন এবং ইন্টারনেট পরিষেবার সুযোগ পাচ্ছেন গোপন সূত্রে এমন খবর পাওয়ার পরেই তার সেলে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় আনসারির পোশাক ও বিছানার মধ্যে থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার হয়। পাশাপাশি দুটি রাউটার, একটি ওয়াই-ফাই ডিভাইস, একটি পেনড্রাইভ এবং একটি ইয়ারফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।
এছাড়াও তার সেল থেকে ৫০০ টাকার নোটে মোট ৩১ হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন কারা আধিকারিক।
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, জেলের ভিতর থেকে ওই মোবাইল ফোন ব্যবহার করে আনসারি দেশের বাইরে থাকা কোনও ব্যক্তি বা যোগাযোগের সঙ্গে ফোনে কথা বলেছিলেন কি না। উদ্ধার হওয়া বৈদ্যুতিন সরঞ্জাম এবং যোগাযোগের সম্ভাব্য নেটওয়ার্ক নিয়েও তদন্ত চলছে।
Jail
আমেরিকান সেন্টার হামলার মূলচক্রী আফতাব আনসারির সেল থেকে মোবাইল, ওয়াই-ফাই সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার
×
Comments :0