গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গিলান্ডী এলাকায়। বুধবার সকালে স্থানীয় একটি ক্লাবঘরের ভেতর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত গৃহবধূর নাম রঞ্জিতা রায় (২৪)। নিরঞ্জন পাট এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে পাওয়া খবরে জানা গেছে, মঙ্গলবার রঞ্জিতা তাঁর স্বামী ও কোলের সন্তানকে নিয়ে ব্যাঙ্কে গিয়েছিলেন। ব্যাঙ্ক থেকে বাড়ি ফিরে আসার পর, কাজ বাকি থাকার কথা বলে ফের একাই ব্যাঙ্কের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁর মোবাইলে কল করেন, কিন্তু ফোনটি সুইচ অফ ছিল। এরপরই খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। মঙ্গলবার রাতভর তল্লাশি চালালেও তাঁর কোনো হদিস মেলেনি।
বুধবার সকালে গিলান্ডী ভান্ডানী এলাকার বাসিন্দারা স্থানীয় একটি ক্লাবঘরের ভেতর কিছু ঝুলতে দেখে সন্দেহ প্রকাশ করেন। কাছে গিয়ে তাঁরা ওই গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতার আত্মীয় অম্বিকা রায় জানান, ব্যাঙ্ক যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফিরে আসেননি রঞ্জিতা। কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে ধন্দে রয়েছে পরিবার। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতার পরিবার ও স্বামীর সঙ্গে কথা বলে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Mysterious Death
গৃহবধূর রহস্য মৃত্যু, ক্লাবঘরে ঝুলন্ত দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে
×
Comments :0