90 lakh women excluded 'Ladki Bahin' scheme

মহারাষ্ট্র সরকারের মহিলাদের প্রকল্প থেকে বাদ প্রায় ৯০ লক্ষ

জাতীয়

মহারাষ্ট্রের 'মাজি লাড়কি বহেন যোজনা' থেকে বাদ পড়লো প্রায় ৯০ লক্ষ মহিলার নাম। এক মাস আগেই মহারাষ্ট্র সরকার  ঘোষণা করেছিল যে এই 'ই- কেওয়াইসি' প্রক্রিয়া থেকে প্রায় ৮০ লক্ষ নাম বাদ পড়তে চলেছে। 
মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা, পুষ্টি ও স্বাস্থ্যের উন্নতি সাধনের উদ্দেশ্যে মহারাষ্ট্র সরকার ২০২৪ সালের ২৮ জুন এই প্রকল্প চালু করে। এর মাধ্যমে ওই রাজ্যের ২১ থেকে  ৬৫ বছর বয়সী মহিলারা মাসিক ১৫০০ টাকা পেতেন। 
বর্তমান তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত এই প্রকল্প থেকে বাদ পড়া নামের সংখ্যা ৯২ লক্ষ পার করে গিয়েছে। প্রাথমিকভাবে প্রায় ২.৪ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেতেন। সেই সংখ্যার প্রায় ৩৮% হ্রাস পেতে চলেছে। 
সরকারের তরফে বলা হয়েছে যে এই সংখ্যা কমে যাওয়ার পিছনে শুধুমাত্র আবশ্যিক শর্ত পূরণে ব্যর্থতাই দায়ী নয়। এর পিছনে যোগ্যতার মানদণ্ডের মতো একাধিক কারণও রয়েছে। প্রায় ৫০ থেকে ৫৫ লক্ষ মহিলা নির্ধারিত সময়ের মধ্যে এই 'ই- কেওয়াইসি' প্রক্রিয়া পূরণ করতে পারেননি। আবার, প্রায় ১২ লক্ষ্ মহিলার বার্ষিক আয় এই প্রকল্পের জন্য নির্ধারিত সীমার তুলনায় বেশি। পাশাপাশি, ৪.৫ লক্ষের বেশি মহিলার বয়স ৬৫ বছরের বেশি। 
এ ছাড়াও, প্রায় ১৪ হাজার পুরুষ এই প্রকল্পের সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলেন। এর ফলস্বরূপ,  তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। রাজ্যে তালিকা থেকে বাদ পড়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে  বিড জেলায়। শুধুমাত্র সেখানেই ২৮ লক্ষ মহিলার নাম বাদ গিয়েছে। 
শীর্ষস্তরের এক আধিকারিক জানান, সরকার উপভোক্তাদের ই-কেওয়াইসি  প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রায় আট মাস সময় দিয়েছিল। অনেক মহিলারাই সেই সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পাোননি। যার ফলে প্রায় ৫৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে।
তবে মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার জানিয়েছে যে নাম বাদ পড়ায় যেসব অভিযোগ উপভোক্তারা দায়ের করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। অনেকেরই অভিযোগ ভুলবশত তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 
এদিকে, গত শুক্রবার কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) একটি প্রতিবেদন প্রকাশ করে সতর্ক করেছে যে, এই প্রকল্পের জন্য যে অর্থ ব্যয় হয়েছে তা রাজ্যের আর্থিক অবস্থার ওপর বড় ধরনের বোঝা হয়ে দাঁড়াতে পারে। সিএজি আরও উল্লেখ করেছে যে, এই প্রকল্পের আওতায় ৩,৫৪১ কোটি টাকা ব্যয়ের বিষয়টি কোনোভাবেই যৌক্তিক নয়। মহারাষ্ট্রে নারী কল্যাণে ব্যয় ২০২৩-২৪ অর্থ বছরের ২৬১.৭৮ কোটি টাকা থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থ বছরে ৩৩,৫৫৪.৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিজেপি বিধানসভা নির্বাচনেই আগে সব মহিলার জন্য ' অন্নপূর্ণা ভান্ডার' প্রকল্পের ঘোষণা করেছিল। তবে, সরকারে আসীন হওয়ার পর বহু মহিলাই এই প্রকল্পের টাকা পাচ্ছেন না। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তা নিয়ে বিক্ষোভও হয়েছে। 

Comments :0

Login to leave a comment