FALTA CPIM

নেই বাইক বাহিনীর তান্ডব, ফলতায় নিবিড় জনসংযোগে লাল ঝান্ডা

রাজ্য জেলা

মঙ্গলবার ফলতায় নির্বাচনী প্রচারে সিপিআই(এম) প্রার্থী শম্ভু কুর্মী।

অনিল কুন্ডু 


এবার নির্ভয়ে ভোট দিন। নিজের ভোট নিজে দিন। ফলতায় শান্তি ফিরিয়ে আনতে লাল ঝান্ডাকে শক্তিশালী করুন। নির্বাচনী প্রচারে নিজের অঞ্চলের মানুষের কাছে এই আহ্বান জানালেন ফলতা বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী শম্ভু কুর্মী। এই ফলতা অঞ্চলেই তাঁর বাড়ি। তৃণমূলের সন্ত্রাসের কারণে ২০১৪ সাল থেকে তিনি এলাকা ছাড়া। সিপিআই(এম) ফলতা এরিয়া কমিটির সম্পাদক তিনি। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রস্ত ফলতা কেন্দ্রে এর আগে তিনি ফতেপুরে মাত্র একদিনই প্রচার করতে পেরে ছিলেন। পুনর্নিবাচন হওয়ায় মঙ্গলবার তিনি নিজের অঞ্চলের মানুষের মধ্যে প্রচার করেন। সাধারণ মানুষ সাড়া দেন। তাঁদের কথায়, এবার আপনি ফিরে আসুন। এদিন ফলতা বাজারের দোকানদার ব্যবসায়ী ছাড়াও দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী প্রচারে ভোট প্রার্থনা করেন তিনি। নির্বাচনী পরিক্রমার শেষে ফলতা থানার মোড়ে সভা হয়। এই সভায় সিপিআই(এম) প্রার্থী ছাড়াও পার্টি নেতা প্রভাত চৌধুরী, মিত্যেন্দু ভূঁইয়া, কলতান দাশগুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন পার্টি নেতা মুকুল মন্ডল।  
রাজ্যে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ফলতার পরিবেশ বদলাতে শুরু করেছে। সাধারণ মানুষ নির্ভয়ে মুখ খুলছেন। গোটা ফলতা বিধানসভা কেন্দ্র জুড়ে আপামর সাধারণ মানুষ তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ও তাঁর বাহিনীর অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তাঁদের কথায়, তৃণমূল ক্ষমতায় আসার পর ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে ফলতায় তৃণমূল সন্ত্রাস কায়েম করেছিল। এই জাহাঙ্গীর খানের নেতৃত্বেই সাধারণ মানুষের উপর আক্রমণ, ঘরবাড়ি ভাঙচুর, লুঠতরাজ, জরিমানা চলেছে। বিরোধীদের উপর আক্রমণ, পার্টি অফিস ভাঙচুর, পার্টি কর্মীদের এলাকা ছাড়া করা হয়েছে। নির্বাচনেও গোটা কেন্দ্র জুড়ে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ায় বহু মানুষ ভোট দিতে পারেননি। তৃণমূলী দুর্বৃত্তরা দাপিয়ে বেড়িয়েছে। বিধানসভা নির্বাচনে বেশ কিছু বুথে ইভিএমে বিরোধী প্রার্থীদের নাম ঢেকে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন ফলতা বিধানসভা কেন্দ্রে ২১ মে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনী প্রচারে মানুষের কাছে পৌঁছচ্ছেন সিপিআই(এম) প্রার্থী শম্ভু কুর্মী।  
এদিকে ফলতার ত্রাস তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান এখন গৃহবন্দী। নির্বাচনী ফলাফল প্রকাশের পর রাজ্যের পালাবদল হওয়ায় জনরোষের আশঙ্কায় তিনি বাড়ি ছেড়ে উধাও হয়ে গিয়েছিলেন। ডায়মন্ডহারবারের একটি বিলাস বহুল হোটেলে আশ্রয় নিয়েছিলেন। পরে বাড়ি ছাড়া ফলতার এই ত্রাসকে পুলিশ উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয় এমনটাই জানা গিয়েছে। জনরোষের ভয়ে এখনো গৃহবন্দী তৃণমূলের প্রার্থী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নির্বাচনী প্রচারেও এখন আর তাঁকে ঘর ছেড়ে বাইরে বেরোতে দেখা যাচ্ছে না। তাঁর ধারে কাছে দেখা যাচ্ছে না বাহিনীর কাউকে। চাচা আপনা জান বাঁচা এই মনোভাবে তাঁর সাকরেদদের অনেককেই আর দেখা যাচ্ছে না। রাজ্যের নির্বাচনী ফলাফল প্রকাশের পর এলাকা ছেড়ে তাঁরা চম্পট দিয়েছে। নেই বাইক বাহিনীর তান্ডব, হুমকি। মানুষ ঐক্যবদ্ধভাবে তৃণমূলের লুটেরা বাহিনীর প্রতিবাদ করায় জনরোষের ভয়ে তাঁরা গা ঢাকা দিয়েছে। সিপিআই(এম) কর্মীরা মানুষের বাড়ি বাড়ি জনসংযোগ গড়ে তুলছেন। সিপিআই(এম) প্রার্থীকে জয়ী করার আহ্বান জানাচ্ছেন তাঁরা। সাড়াও দিচ্ছেন সাধারণ মানুষ।

Comments :0

Login to leave a comment