KMC

নেই পৌর বোর্ড, কলকাতায় বিধায়কদের সার্টিফিকেটে সইয়ের অনুমতি

কলকাতা

কলকাতা কর্পোরেশন এলাকার সব বিধায়কদের নাগরিক পরিষেবার স্বার্থে সার্টিফিকেট সই করার এক্তিয়ার দিল রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তর। মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। 
কলকাতার কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করার পর পৌর বোর্ড ভেঙে দেওয়া হয়। প্রশাসক হিসেবে কর্পোরেশনের পৌর কমিশনার স্মিতা পাণ্ডেকেই নিয়োগ করে রাজ্য সরকার। তারপরই জানিয়ে দেওয়া হয় নির্বাচিত কাউন্সিলরা কাজ করতে পারবেন না। সার্টিফিকেটে সই করার ক্ষমতাও চলে যায় তাঁদের।
পৌর বোর্ড ভেঙে দেওয়ার পর থেকেই পরিষেবা সংক্রান্ত সঙ্কটে পড়েন কলকাতার নাগরিকরা। কার্যত এই সমস্যা স্বীকার করে নিয়েছিলেন বাম, তৃণমূল, বিজেপি সব কাউন্সিলরাই। ওয়ার্ড স্তরে নাগরিকদের পরিষেবা দিতে হয় স্থানীয় কাউন্সিলদের। 
যে কোনও সার্টিফিকেটের জন্য মানুষ কাউন্সিলরদের কাছে আসেন। কিন্তু সই না করতে পারায় সমস্যায় পড়তে হচ্ছিলো নাগরিকদের। এই বিষয়ে নাগরিক সমস্যার অভিযোগ তুলে ধরতে কলকাতার প্রশাসক স্মিতা পান্ডের সঙ্গে দেখা করেন কর্পোরেশনের দুই বামপন্থী কাউন্সিলর মধুচ্ছন্দা দেব এবং নন্দিতা রায়। 
এবার কলকাতার প্রশাসক স্মিতা পান্ডের কাছে নির্দেশিকা জারি করে বলা হয়েছে স্থানীয় বিধায়করা সার্টিফিকেট দিতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তা গ্রহণ করাও হবে। যত দিন না নির্বাচন না হচ্ছে এবং নতুন বোর্ড তৈরি হচ্ছে ততদিন এই ব্যবস্থা চলবে। গত সোমবার কর্পোরেশনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে ৭ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে নতুন বোর্ড তৈরি হবে কলকাতায়।

Comments :0

Login to leave a comment