Vidyasagar's statue

বারুইপুরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় ক্ষোভ, তদন্তের দাবি

জেলা

বারুইপুরে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলে দেওয়ার ঘটনায় তদন্ত দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বারুইপুর মহকুমা শাসকের দপ্তর ও বারুইপুর পৌরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙে পার্কে জঙ্গলের মধ্যে দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। জানা গিয়েছে, বারুইপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে নতুন পাড়া এলাকায় বিদ্যাসাগর শিশু উদ্যানে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বসানো হয়। শিশু উদ্যানটি রক্ষণাবেক্ষণের অভাবে জঙ্গলে ভরে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা শনিবার অভিযোগ করে বলেন, রাতের অন্ধকারে বিদ্যাসাগরের মূর্তিটি ভেঙে পার্কের ভিতরেই জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। শনিবার সকালে তাঁদের নজরে পড়ে। তাঁদের কথায়, অবিলম্বে পার্কটি রক্ষণাবেক্ষণ করে বিদ্যাসাগরের মূর্তিটি আগের জায়গায় ফেরাতে হবে। কে বা কারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলে দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে। স্থানীয় বাসিন্দারা এবিষয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন।
এদিকে বারুইপুরে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙে দেওয়ার ঘটনায় ইতিমধ্যে স্থানীয় মানুদের মধ্যে শোরগোল পড়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অনেকেই প্রশ্ন ছুঁড়ে বলেছেন, কি পরিস্থিতি এলো বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিও ছাড় পাচ্ছে না। বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী এই ঘটনায় ধিক্কার জানিয়ে বলেন, যারা ছোট থেকে বর্ণপরিচয়, ধারাপাত শেখেনি এটা তাদেরই কাজ। বাঙালি সংস্কৃতিতে যারা বড় হয়েছে তারা একাজ কখনো করতে পারে না। পার্কটি দ্রুত জঞ্জাল মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি এদিন জানান।

Comments :0

Login to leave a comment