জামিন অযোগ্য ধারায় আশিস পাণ্ডের অভিযোগের ভিত্তিতে দায়ের এফআইআর-এ জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার টালা থানায় ডেকে পাঠানো হয় অভয়া আন্দোলনের অন্যতম নেতা ডাঃ পবিত্র গোস্বামীকে।
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রায় দু’বছরের মাথায় ডাঃ পবিত্র গোস্বামীর বাড়িতে টালা থানার তরফে লিখিত সমন পাঠানো হয়। জানানো হয় যে ২০২৪ সালের ২৮ আগস্ট আশিষ পাণ্ডে তাঁর বিরুদ্ধে লিখিত এফআইআর দায়ের করেছেন। ডাঃ পবিত্র গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ, তিনি আর জি কর আন্দোলন চালাকালীন আশিষ পাণ্ডেকে শারীরিকভাবে আঘাত করেছেন।
ডাঃ পবিত্র গোস্বামী এদিন বলেছেন, এই অভিযোগ সম্পূর্ণ ভুয়ো, এটি একটি সাজানো মামলা।
আরজি কর আন্দোলনে বিচারের দাবিতে আন্দোলনে নেমে আক্রান্ত হন ডাঃ গোস্বামী নিজেই। অভিযোগ যিনি জানিয়েছিলেন সেই আশিস পাণ্ডে পরিচিত ছিলেন আরজি কর হাসপাতালের ধিকৃত অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। ‘থ্রেট কালচার‘ চালানোয় এই পড়ুয়া চিকিৎসকের বিরুদ্ধেই অভিযোগ ছিল তীব্র। সরকার বদলের পর তাঁরই অভিযোগকে হাতিয়ার করে ডাঃ গোস্বামীকে সমন পাঠিয়েছে পুলিশ।
গত মঙ্গলবার, ৭ জুলাই, তাঁকে এই বিষয়ে টালা থানায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছিল। ওইদিন থানায় গিয়ে ডাঃ গোস্বামী জানতে পারেন যে ওই মামলার দায়িত্বরত অফিসার ছুটিতে রয়েছেন। থানা থেকে তাঁকে জানানো হয় ১৪ তারিখে হাজিরা দেওয়ার জন্য। সেই নির্দেশ অনুযায়ীই মঙ্গলবার ডাঃ পবিত্র গোস্বামী মঙ্গলবার টালা থানায় বিকেল সাড়ে ৪ টায় হাজিরা দেন।
এদিন টালা থানায় ছিলেন অভয়া আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ। দুই বছর পেরিয়ে যাওয়ার পরেও অভয়ার বিচার মেলেনি। এই কারণে টালা থানার সামনে ফের 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান ও তোলেন তাঁরা।
জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে পবিত্র গোস্বামী সংবাদমাধ্যমকে জানান যে পুলিশ তাঁর জবাবে সন্তোষ জানিয়েছে। তবে আদালত থেকে জামিন নিতে হবে তাঁকে।
ডাঃ পবিত্র গোস্বামী জানাচ্ছেন যে ২০২৪ সালের ১০ আগস্ট স্টুডেন্টস হেলথ হোমের তরফে আয়োজিত একটি প্রতিবাদ মিছিলকে আর জি কর হাসপাতালে ঢুকতে বাধা দেয় আশিস পাণ্ডের মদতপুষ্ট লোকজন। আর জি করের প্রাক্তনী হওয়া সত্ত্বেও ডাঃ গোস্বামীকে বাধা দেওয়া হয়। আশিস পাণ্ডের নেতৃত্বে তাঁর মাথায় আঘাত করা হয়। ফলে তিনি গুরুতরভাবে জখম হন।
ওই ঘটনার পরে ডাঃ পবিত্র গোস্বামী টালা থানায় আশিস পাণ্ডের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। পালটা অভিযোগ দায়ের করেন আশিস পাণ্ডে।
ডাঃ পবিত্র গোস্বামী বলেন যে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। গত দু’বছর কিছুই জানানো হয়নি। তিনি বলেন, ‘"আমি কোনো অপরাধ করিনি। তাই ভীতও নই। সম্পূর্ণ মিথ্যা মামলায় আমাকে ডেকে পাঠানো হয়েছে। তার থেকেও বেশি উদ্বেগজনক যে এখনও অভয়ারা বিচার পায়নি।’’
অভয়া আন্দোলনের আরও এক নেতা ডাঃ উৎপল ব্যানার্জি বলেন, "সরকার পরিবর্তনের পরেও কেন প্রত্যাহার করা হচ্ছে না তৃণমূলের আমলে সাজানো সমস্ত মিথ্যে মামলা? পুলিশি তলব করে হেনস্তার সংস্কৃতি বিজেপি সরকারের আমলেও অব্যাহত।"
R G KAR protest
সমনে ভীত নন প্রতিবাদী চিকিৎসক, টালা থানার বাইরে বিক্ষোভ অভয়া মঞ্চের
জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে, টালা থানার সামনে পবিত্র গোস্বামী সহ অভয়া মঞ্চের নেতৃত্ব।
×
Comments :0