'দেশ বাঁচানোর, সংবিধান বাঁচানোর' দাবিকে সামনে রেখে, যন্তরমন্তরের ছাত্রসমাজের প্রতি সংহতি জানিয়ে ২৪ জুলাই শিয়ালদহ থেকে মিছিলের ডাক দিয়েছে এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনের।
২০ তারিখ সিজেপি-র 'সংসদ চলো' অভিযানে ছাত্র সমাজের উপর ব্যাপক নির্মম অত্যাচার চালায় দিল্লি পুলিশ। সেই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে বুধবার কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিবাদে নামে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ থেকে ' পেপার লিক কি ইয়ে সরকার, নেহি চলেগি আগলিবার' স্লোগান দেয় ছাত্রছাত্রীরা। সেইসঙ্গে, সামাজিক ন্যায়ের দাবিকে সামনে রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে 'জয় ভীম' স্লোগান তোলা হয়। এদিন বাবাসাহেব আম্বেদকর, প্রীতিলতা ওয়াদেদ্দার, সূর্য সেন সহ ছবি হাতে নিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। স্লোগানের দেওয়ার পাশাপাশি গান গাওয়া, সংবিধান পাঠের মাধ্যমেও প্রতিবাদ জানায় যাদবপুরের পড়ুয়ারা।
এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। ওই কর্মসূচি থেকেই ২৪ তারিখ মিছিলের ডাক দেন তিনি।
এদিন দেবাঞ্জন দে বলেন, "এই লড়াইয়ে আমাদের সকলকে একজোট হয়ে রাস্তায় নেমেই প্রতিবাদ করতে হবে। ইতিহাসে কোনও ব্যারিকেডই শেষ কথা হতে পারেনি। হিটলার যে ব্যারিকেড বানিয়েছিলো, বাঙ্কারই তার শেষ পরিণতি হয়েছিল। মুসোলিনিও জনতার বিরুদ্ধে ব্যারিকেড বানিয়েছিলো,ল্যাম্প পোস্টে ঝুলেই তার শেষ পরিণতি হয়েছিল। এই কেন্দ্রীয় সরকার এখনো তার শেষ পরিণতি জানে না, আমরা এই নতুন প্রজন্মই এই সরকারকে তার শেষ পরিণতি দেখিয়ে ছাড়বো। এই প্রতিবাদ জারি থাকবে। ভ্রষ্টাচার মুক্ত, দুর্নীতি মুক্ত ভারত যাতে আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে পায় তাঁর জন্যই এই লড়াই।"
Comments :0