Rahul's Letter to Shah on Pellet Gun

পেলেট বন্দুক চালানোর নির্দেশ কার? শাহকে চিঠি রাহুলের, কাল উঠছে সংসদে

জাতীয়

পেলেট বন্দুকের গুলিতে চেখে গুরুতর আঘাত দিল্লির সাহিলের।

দিল্লিতে ছাত্রদের প্রতিবাদে পেলেট গান ব্যবহারের সিদ্ধান্ত কি আপনার?
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে সরাসরি এই প্রশ্ন তুলে চিঠি দিলেন লোকসভা দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী।
গতকাল, শনিবার, শাহকে চিঠি দিয়েছেন রাহুল। রবিবার তাঁর একটি ভিডিও প্রকাশ করেছে কংগ্রেস। 
রাহুলের প্রশ্ন, ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভ থামাতে ‘র‌্যাফ’ ব্যবহারের সিদ্ধান্ত কার। আপনি যদি নির্দেশ দিয়ে না থাকেন তবে কার নির্দেশে ব্যবহার করা হয়েছে পেলেট বন্দুক বা র‌্যাফ?
গত ২০ জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকে ‘সংসদ চলো’ মিছিলে দিল্লি পুলিশের ভূমিকায় দেশময় ক্ষোভ বেড়েছ। সেই সঙ্গে ক্ষোভ রয়েছে মোদী শাসনের অনুগামী কর্পোরেট মিডিয়ার ভূমিকা নিয়েও। (দিল্লির পুলিশের পেলেট গুলিতে ডান চোখে ক্ষত সাহিলের)
প্রতিবাদীরা দেশের প্রায় সর্বত্র ধর্মেন্দ্র প্রধান এবং নরেন্দ্র মোদীকে আড়াল করার প্রবণতায় প্রশ্ন তুলেছেন। প্রশ্নের মুখে পড়েছে সংবাদমাধ্যমের একাংশের তাঁবেদারি। বিশে করে, বিদেশি মদতের অভিযোগ তুলে লাগাতার সংবাদ প্রচার, যার পক্ষে কোনও তথ্য এই অংশের সংবাদমাধ্যম দেখাতে পারেনি, নবীন প্রজন্মের মধ্যে রয়েছে তা নিয়েও ক্ষোভ। 
এদিকে রাহুলের ভিডিও বার্তা প্রকাশের পর রাজনৈতিক মহলে অনুমান, সোমবার অমিত শাহের দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে সংসদে তোলপাড় হতে পারে। 
উল্লেখ্য, দিল্লিতে পুলিশ রাজ্য সরকারের হাতে থাকে না। সরাসরি পরিচালনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 
২০ জুলাইয়ের মিছিলের দিন আরেকটি দৃশ্যেও দেশময় ধিক্কারের মুখে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। দেখা গিয়েছে একদল যুবক লাঠি হাতে বসে রয়েছে। তেড়ে গিয়েছে প্রতিবাদীদের ওপর। পুলিশের সামনেই তাণ্ডব চালিয়েছে তারা। পরিচয় জিজ্ঞেস করলে লাঠি নিয়ে তেড়ে গিয়েছে। এদেরকে ধরার বা এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে দেখা যায়নি দিল্লি পুলিশকে।
অমিত শাহকে লেখা চিঠিতে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন এই বাহিনীকে নিয়েও। তিনি লিখেছেন, ‘‘সাদা পোশাকে যারা লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছিল, ছাত্র-যুবদের আক্রমণ করল, তারা কারা?’’
দিল্লি পুলিশ স্বীকার না করলেও পেলেটের ক্ষতে আক্রান্ত হয়েছেন একাধিক প্রতিবাদী। অন্তত চারজনকে চিহ্নিত করা গিয়েছে। তার মধ্যে ১৯ বছরের এক যুবক রয়েছেন, যাঁর ডান চোখের দৃষ্টি আর ফিরবে কিনা নিশ্চিত নয়। 
রাহুল শাহকে লিখেছেন, ‘‘সরকারকে নির্দিষ্ট করতে হবে দিল্লি পুলিশের ভূমিকার জন্য দায়ী কে? আমাদের দেশের ছাত্ররা স্বচ্ছ এবং দায়বদ্ধ শিক্ষা ব্যবস্থার জন্য আন্দোলন চালিয়েছে। তাঁদের কথা না শুনে নিরাপত্তা বাহিনী দিয়ে তাদের নির্যাতন করা হয়েছে। কয়েকশো ছাত্রছাত্রী আহত। ছাত্রীদের মারধর করা হয়েছে। তাঁদের গোপনাঙ্গ লক্ষ্য করে আঘাত করার চেষ্টা হয়েছে।’’

Comments :0

Login to leave a comment