INDIA Jairam Ramesh

‘বৈচিত্রের মধ্যে ঐক্য’, বৈঠকের আগে ‘ইন্ডিয়া’ প্রশ্নে মন্তব্য রমেশের

জাতীয়

মঞ্চের বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে মোদী সরকারের নীতির বিরোধিতায় সব দলই এক জায়গায় রয়েছে। 
‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠকের ঠিক আগে, রবিবার, এই দাবি জানিয়েছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
সোমবার, ৮ জুন, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠক। রমেশ বলেছেন, ‘‘তেইশটি রাজনৈতিক দল ‘ইন্ডিয়া’ জনবন্ধন বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। কয়েকটি দল বৈঠকে যোগ দিতে পারবে না বলে জানিয়েছে। তবে তারা মোদী সরকারের নীতির বিরুদ্ধে অবস্থানকেও নিশ্চিত করেছে। 
রমেশ বলেছেন, ‘‘ভোটাধিকার কেড়ে নেওয়া, সংবিধানের ওপর প্রতিদিন আক্রমণ এবং বিরোধী রাজনৈতিক নেতাদের পিছনে কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দেওয়ার মতো পদক্ষেপের বিরোধিতা করছে সব দলই।’’
২০২৪’র লোকসভা ভোটের আগে দেশের সাংবিধানিক গণতন্ত্রকে রক্ষার ডাক দিয়ে এই মঞ্চ গঠিত হয়। নির্বাচনের পর এই মঞ্চের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে। বিশেষ করে প্রশ্ন ওঠে কংগ্রেসের ভূমিকায়।
বৈঠকের কিছু আগে সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি কেরালায় বিধানসভা নির্বাচনের প্রচারে কংগ্রেসের ভূমিকা নিয়ে কড়া আপত্তি জানিয়েছেন।
সিপিআই(এম)’র সাধারণ সম্পাদকের বক্তব্য, যে জোট বিজেপি’র বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে, সেখানে একটি শরিক দলের বিরুদ্ধে বিজেপি’র সঙ্গে আঁতাতের অভিযোগ তোলা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, ৮ জুনের ইন্ডিয়া মঞ্চের বৈঠকের আগে কংগ্রেস নেতৃত্বকে এই বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। অন্যথায় মঞ্চ গঠনের মূল উদ্দেশ্যই প্রশ্নের মুখে পড়বে। 
বেবি অবশ্য ফের জানিয়েছেন, সিপিআই(এম) বিরোধী ঐক্যকে শক্তিশালী করার পক্ষেই রয়েছে। ‘ইন্ডিয়া’ মঞ্চের অন্য দলগুলির কাছেও চিঠির প্রতিলিপি পাঠায় সিপিআই(এম)। 
কংগ্রেসের ভূমিকায় ক্ষোভ জানিয়েছেন ডিএমকে নেতা স্ট্যালিন করুণানিধিও। তামিলনাডুতে নির্বাচনের পর ডিএমকে’র সঙ্গে যথেষ্ট আলোচনা না করে টিভিকে-কে সমর্থনের অভিযোগ তিনি তুলেছেন কংগ্রেসের বিরুদ্ধে। ঝাড়খণ্ডে আসীন জেএমএম নেতা হেমন্ত সোরেনও জানিয়েছেন একটি রাজ্যসভা আসনে কোনও আলোচনা না করে একতরফা প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস।
এদিকে রমেশ বলেছেন, ‘‘ভারতের মতোই ‘ইন্ডিয়া’-র মধ্যেও বৈচিত্রের মধ্যে ঐক্য রয়েছে।’’ তিনি বলেছেন, ‘‘মোদী সরকারের অর্থনৈতিক নীতিতে আমজনতার ওপর আক্রমণ এবং লাগাতার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বা যুবদের ভবিষ্যৎ ধ্বংস করার নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে চলেছে সব দলই।’’
এদিকে ‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠক ঘিরে বিশেষ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। পশ্চিমবঙ্গে নির্বাচনে হারের পর ভাঙনের মুখে দল। অতীতে ‘ইন্ডিয়া’ মঞ্চের একাধিক কর্মসূচি থেকে দূরে থেকেছে তৃণমূল। 

Comments :0

Login to leave a comment