SIR Tribunal Supreme Court

এসআইআর ট্রাইবুনালে বকেয়া আবেদন কত, কমিশনকে তথ্য জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

জাতীয় রাজ্য

এসআইআর’র ট্রাইবুনালে বকেয়া আবেদন সংক্রান্ত একাধিক তথ্য তলব করে নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, ট্রাইবুনালে মোট কত আবেদনের বিচার বকেয়া রয়েছে তা জানাতে হবে। কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে কোন কোন ধরনের আবেদন রয়েছে জানাতে হবে নির্বাচন কমিশনকে।
বেঞ্চে রয়েছে আরও দুই বিচারপতি, জয়মাল্য বাগচী এবং ভি মোহনা। বেঞ্চের নির্দেশ, কতগুলি আবেদন ভোটার তালিকায় নাম তোলার জানাতে হবে। আবার কত আবেদন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য জমা দেওয়া হয়েছে তার সংখ্যাও কমিশনকে দাখিল করতে হবে। 
নিষ্পতি হয়েছে এমন আবেদনের কতগুলিতে ভোটার তালিকায় নাম তোলার নির্দেশ দেওয়া হয়েছে জানাতে হবে সেই সংখ্যাও। ট্রাইবুনালের নির্দেশের ভিত্তিতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নিয়েছে জানাতে হবে হলফনামায়।
এদিন সুনানিতে বরিষ্ঠ আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে আদালতে কমিশন কোনও তত্য দিচ্ছে না। সাংসদ ঈশা খান চৌধুরী আরটিআই আবেদন জানিয়েছিলেন। সেই তথ্যে দেখা যাচ্ছে, মোট ৩৮ লক্ষ ১০ হাজার আবেদন জমা পড়েছে। মাত্র ৮৩ হাজার আবেদনের নিষ্পত্তি হয়েছে। 
এই তথ্য অনুযায়ী, ৭ লক্ষ আবেদন নাম তোলার জন্য। বাকি আবেদন জমা পড়েছে অন্যের নাম বাদ দেওয়ার জন্য। নাম তোলার যে কয়টি আবেদন বিবেচিত হয়েছে তার প্রায় ৯৫ শতাংশেই আবেদন মঞ্জুর হয়েছে। 
শঙ্করনারায়ণন সওয়ালে বলেন, সামনেই কলকাতা ও হাওড়ার পৌর নির্বাচন। ফলে এখন উচিত নাম তোলার আবেদনে অগ্রাধিকার দেওয়া। প্রয়োজনে ট্রাইবুনালের সংখ্যা বাড়ানো দরকার। 
বেঞ্চ বলেছে, জনপ্রতিনিধিত্ব আইনেই নাম বাদ দেওয়ার আবেদন জানানো যায়। ট্রাইবুনালে নাম তোলার আবেদন আগে বিবেচনা করা উচিত। এর পরই নির্বাচন কমিশনের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে বেঞ্চ।

Comments :0

Login to leave a comment