Several houses on the banks of the Hinglo River in Loba, Dubrajpur, are being swallowed by erosion

ভাঙনের গ্রাসে দুবরাজপুরের লোবার হিংলো পাড়ের একাধিক বাড়ি

জেলা

ছবি: রণদীপ মিত্র।

দুদিনের ভারী বৃষ্টিতে হিংলো পাড়ে হাহাকার। একের পর এক বাড়ি তলিয়ে গেছে হিংলো নদীর জলে। ভিটেহারা একাধিক পরিবার। নদীপাড় জুড়ে শুধুই হা হুতাশ। 
​গত দুদিনের বীরভূম ও ঝাড়খণ্ডে গভীর নিম্নচাপের বৃষ্টির জেরে জলাধার থেকে জল ছাড়ার ফলে হিংলো নদীর জলস্তর বেড়ে যায়। যার পরিণতিতে ভাঙনের কবলে পড়ে নদী চরের জনপদ। বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা ও দেবীপুর চর এলাকায় হিংলো নদীর গর্ভে তলিয়ে গেছে মোট ১৮টি বাড়ি। প্রশাসন সূত্রে জানা গেছে, ভাঙনের কবলে পলাশডাঙ্গা গ্রামের আকুরেপাড়ায় ১৫টি পরিবার এবং দেবীপুর চর এলাকায় ৩টি পরিবার সর্বস্ব হারিয়েছে। নদীপাড় ভেঙে বাড়ির পাশাপাশি চাষযোগ্য জমিও নদীর জলে তলিয়ে গেছে। এছাড়া আরও বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দেওয়ায় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। প্রশাসনের তরফে এলাকায় দুর্গত মানুষের সাহায্যে হাত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ব্লক প্রশাসনের কর্তারা। ​প্রশাসনের পক্ষ থেকে অসহায় এই মানুষগুলোর সাময়িক থাকা, খাওয়া এবং স্থানীয় স্কুলে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ঘরবাড়ি হারিয়ে স্কুলে আশ্রয় নেওয়া আকালি আকুরে, লক্ষীকান্ত আকুরেরা জানিয়েছেন, "এখন স্কুলে নিয়ে এসেছে আমাদের। অফিস থেকে বলেছে এখন স্কুলেই থাকতে হবে। আমাদের আর তোমাদের জায়গাও নাই, ঘরও নাই, আমরা এখন কী করব জানি না। সরকার থেকে ব্যবস্থা না করলে আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই।"


 

Comments :0

Login to leave a comment