টানা দু'দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হলেন জাতীয় স্তরের রাইফেল শ্যুটার দময়ন্তী সেন। শনিবার ভোরে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান বাবা ধ্রুবজ্যোতি সেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে দময়ন্তীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরিবার সূত্রে খবর, শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এক ব্যক্তি ফোন করে ধ্রুবজ্যোতি সেনকে জানান, সোশাল মিডিয়ায় নিখোঁজ হিসেবে যার ছবি দেখা যাচ্ছে, সেই মেয়েটিকে রামকৃষ্ণপুর ঘাটে বসে থাকতে দেখা গিয়েছে। জানা যায়, প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রথমে এক মহিলা দময়ন্তীকে দেখতে পান। তাঁরই উদ্যোগে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
খবর পেয়ে দ্রুত ঘাটে পৌঁছে ধ্রুবজ্যোতি সেন প্রথমে মেয়েকে চিনতেই পারেননি। কারণ, দময়ন্তীর পরনে ছিল অন্য পোশাক। পরে কাছে গিয়ে তাঁকে দেখে ডাক দিতেই দময়ন্তীর একটাই কথা, “পাপা, আমাকে বাড়ি নিয়ে চলো।”
বাড়িতে ফেরানোর পরই পুলিশকে খবর দেওয়া হয়। পরে দময়ন্তীকে হাওড়া থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রাথমিক জেরায় তিনি জানান, পড়াশোনা এবং শ্যুটিং নিয়ে দীর্ঘদিনের মানসিক চাপ ও উদ্বেগ থেকেই আচমকা বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তাঁর এই দাবি কতটা সত্য, তা খতিয়ে দেখছে পুলিশ।
গত বৃহস্পতিবার সকালে মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ হন দময়ন্তী। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের তরফে হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার পর থেকেই উদ্বেগে ছিলেন পরিবারের সদস্যরা।
শনিবার উদ্ধার হওয়ার পর দময়ন্তীকে শারীরিক পরীক্ষার জন্য হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরে তাঁকে থানা ও আদালতেও হাজির করা হয়।
পরিবারের কাছে ফিরে দময়ন্তী জানান, শ্রীরামপুর স্টেশনে এক অবাঙালি তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই তরুণী তাঁকে খাবার খাওয়ান এবং পোশাকও দেন। এছাড়া তিনি দাবি করেছেন, গত কয়েকদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন, এমনকি মাহেশের রথের মেলাতেও দীর্ঘ সময় কাটিয়েছেন।
পরিবার সূত্রে খবর, বাড়ি ফেরার পর দময়ন্তী স্বাভাবিক আচরণ করছেন এবং নিজের কোচের সঙ্গেও স্বাভাবিকভাবে কথা বলেছেন।
মেয়ে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ধ্রুবজ্যোতি সেন। পুলিশ, প্রশাসন, ক্রীড়া মন্ত্রী, সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ার সাধারণ মানুষ— সকলকেই ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “সবাই পাশে না থাকলে হয়তো আমার মেয়েকে এত দ্রুত ফিরে পেতাম না।” তিনি ও তাঁর স্ত্রী মৌমিতা রায় সেন সোশাল মিডিয়াতেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Damayanti Sen Shooter
দুই দিন পর মিলল নিখোঁজ শ্যুটার দময়ন্তীর
×
Comments :0