পাঠ্যবইয়ে জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি সংক্রান্ত অংশ অন্তর্ভুক্ত করার প্রস্তাব জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দিতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার বলেন আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অংশ করার পিছনে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা সহ একটি অবিভক্ত জাতি সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি রাজ্যের স্কুলগুলির পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা উচিত। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে সিলেবাস কমিটির কাছে এমন প্রস্তাব রাখবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে এক সময় ছাত্র ছিলেন শ্যামাপ্রসাদ।
অভিযোগ রয়েছে যে শ্যামাপ্রসাদকে ঘিরে বিজেপি বাংলার ইতিহাসের বিকৃত প্রচার করছে। সেই প্রচারের মূল বক্তব্য, ‘পূর্ব পাকিস্তানে বাংলার অন্তর্ভুক্তি আটকে ছিলেন শ্যামাপ্রসাদ। সে কারণে তিনি পশ্চিমবাংলার জনক। এতদিন এই ইতিহাস আড়াল করা হয়েছিল।’ গত ৩০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনেও এই প্রচার চালিয়েছে পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য আসীন বিজেপি সরকার। যন্ত্রণাময় দেশভাগকে ঘিরে সাফল্যের এহেন প্রচারও বঙ্গজীবনের নতুন অঙ্গ করে তুলছে বিজেপি। তবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সিদ্ধান্ত এবং তারপর প্রাদেশিক আইনসভায় সংখ্যার বিন্যাস থেকে বিজেপি’র এই নতুন ইতিহাসের পক্ষে প্রমাণ মিলছে না।
মুখ্যমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি ১৯০৬ থেকে ১৯১৭ সাল পর্যন্ত মিত্র ইনস্টিটিউশনের ছাত্র ছিলেন। সেইসঙ্গে, ১৯২৪ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত বিদ্যালয়টি পরিচালনার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও করেছিলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী স্কুল শিক্ষামন্ত্রীকে ‘মিত্র ইনস্টিটিউশন’-এর ভবনটির ঐতিহ্যবাহী কাঠামো অক্ষুণ্ণ রেখে সেটিকে সংস্কারের জন্য ‘পিএম শ্রী’ কর্মসূচির অন্তর্ভুক্ত করার অনুরোধ করেন। তিনি বলেন, “এই অর্থবর্ষে আমার নির্বাচনী এলাকার উন্নয়ন তহবিলের ১ কোটি টাকা থেকে আমি এই স্কুলটির সংস্কারের জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ করব।”
Shyamaprasad Suvendu
আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যবইয়ে শ্যামাপ্রসাদ, প্রস্তাব মুখ্যমন্ত্রীর
×
Comments :0