কৃষকদের কৃষি ঋণের টাকা আত্মসাতের অভিযোগে ধূপগুড়ির রাজনীতিতে বড়সড় তোলপাড়। আর্থিক দুর্নীতির মামলায় জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা ধূপগুড়ির তৃণমূল নেতা কমল রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে, উত্তর গোঁসাইরহাট কৃষি সমবায় সমিতির সভাপতি সুব্রত রায়কেও গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ধূপগুড়ি থানার পুলিশ নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। শনিবার ধৃতদের আদালতে তোলা হবে।
২০২৩ সালের অক্টোবর মাসে কৃষকদের টাকা আত্মসাতের অভিযোগে মোট ১০ জনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা দায়ের হয়েছিল। অভিযোগ, তৃণমূল জমানায় মামলা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রভাব খাটিয়ে এতদিন তারা পুলিশের নাগালের বাইরে ছিল। রাজ্যে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর পুলিশি তৎপরতা শুরু হতেই অবশেষে পুলিশের জালে তৃণমূলের এই প্রভাবশালী নেতা। ধূপগুড়িতে এই প্রথম এত বড় মাপের কোনো তৃণমূল নেতা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। পুলিশি হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত বাকি আটজনের সন্ধান চালানো হবে। কৃষকদের কষ্টার্জিত টাকা লোপাটের ঘটনায় আরও কারা যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ।
TMC Leader Arrested
কৃষি ঋণ আত্মসাত, গ্রেপ্তার ধূপগুড়ির তৃণমূল নেতা
×
Comments :0