সবংয়ে স্কুল ছাত্রীকে হেনস্তায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তকে।
১২ মে থেকে গা ঢাকা দিয়ে আগাম জামিনের তোড়জোড় চালিয়েও শেষ রক্ষা হয়নি। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে গ্রেপ্তার করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এসএফআই এবং এবিটিএ। অভিযুক্ত সবংয়ের এই শিক্ষকের নাম প্রসূন বেরা।
এই শিক্ষককে ঘিরে নির্যাতিতা ছাত্রীর পরিবার গত ১২ মে সবং থানায় অভিযোগ দায়ের করেছিল। অভিযোগ মারাত্মক। শিক্ষকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির ওই ছাত্রীকে হেনস্তা করতে শিক্ষক স্কুলের একাদশ-দ্বাদশের ছাত্রদের লেলিয়ে দেয়। রাস্তার উপর চরমতম হেনস্তা করে।
গত বুধবার বেলা আড়াইটার সময় নারায়ণগড় থানা এলাকার এক গ্রাম থেকে ওই শিক্ষককে গ্রপ্তার হয়।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। হেনস্তাকারীদের চিহ্নিত করা যাচ্ছিল না। পরে নির্যাতিতার পরিবারের কাছে টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার জন্য একটি ফোন আসে। সেই ফোন কলের সূত্র ধরে সুকুমার জানা নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে ধরেই তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। আক্রমণকারীরা ৭-৮ জন ছিলো। এরাই সবাই স্কুল ছাত্র।
পুলিশ সুপার বলেন, প্রথমে কল ডিটেলস রেকর্ড (সিডিআর) খতিয়ে দেখেন তাঁরা। পরবর্তীতে টাওয়ার ডাম্পিং প্রযুক্তির সাহায্যে ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত হিসেবে প্রসূন বেরার নাম উঠে আসে।
এমন ঘটনাকে ধিক্কার জানিয়ে অভিযুক্ত শিক্ষককে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সরব হয় ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক রনিত বেরা বলেন, ঐ ছাত্রী মানসিক ভাবে যাতে ভেঙে না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তিরও দাবি জানান তিনি।
Sabang Teacher Arrested
সবংয়ে স্কুল ছাত্রীকে হেনস্তায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার
×
Comments :0