Mathabhanga

মাথাভাঙ্গায় অস্থায়ী হোল্ডিং সেন্টার

জেলা

দিনহাটা ও মেখলিগঞ্জের পর এবার মাথাভাঙ্গায় চালু হোল্ডিং সেন্টার। বৃহস্পতিবার রাতে শিকারপুর হাই মাদ্রাসায় নিয়ে আসা হয়েছে ২৮ বাংলাদেশি নাগরিককে। ওই রাতেই দিনহাটার পৌরসভার অতিথিনিবাস ‘আপনঘরে’র হোল্ডিং সেন্টারে ১৬ জনকে আনা হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। জেলা প্রশাসনের নির্দেশের পর দিনহাটা ও মেখলিগঞ্জের পর এবার মাথাভাঙ্গাতেও শুক্রবার চালু করেছে অস্থায়ী হোল্ডিং সেন্টার। সূত্র মারফত জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ বসিরহাট থেকে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে মোট ২৮ জন বাংলাদেশি নাগরিককে মাথাভাঙ্গার শিকারপুর সংলগ্ন হাই মাদ্রাসার লেডিজ হোস্টেলে নিয়ে আসা হয়। এবং দিনহাটায় ১৬ জনকে নিয়ে আসা হয়। প্রশাসনের দাবি বেআইনিভাবে ভারতে প্রবেশ করা বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ভারত সরকারের প্রচলিত আইন ও নির্দেশিকা অনুযায়ী পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁদের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার সকালে দুই জায়গাতেই মেডিকেল অফিসারের মাধ্যমে ওই  বাংলাদেশি নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বর্তমানে শিকারপুর সংলগ্ন হাই মাদ্রাসার ছাত্রী আবাসে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সূত্র মারফত আরও জানা গেছে, দুই হোল্ডিং সেন্টারে থাকা ওই বাংলাদেশি নাগরিকের থাকা, খাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব মাথাভাঙ্গা-১ ব্লক প্রশাসনের ও দিনহাটা পৌরসভার তত্ত্বাবধানে করা হচ্ছে। স্থানীয় বিডিও ও মহকুমা শাসকেরা এই সমস্ত ব্যবস্থাপনা দেখছেন বলে জানা যাচ্ছে। প্রশাসনিক নির্দেশ অনুযায়ী, হোল্ডিং সেন্টারে থাকা নারী, পুরুষ ও শিশুদের জন্য প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করা হচ্ছে।
তবে এই বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ আব্দুল বাতেন আলী কোনও মন্তব্য করতে চাননি। পাশাপাশি হোল্ডিং সেন্টারের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরাও এই বিষয়ে কোনও বক্তব্য দিতে রাজি হননি। প্রশাসনের পক্ষ থেকেও এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

Comments :0

Login to leave a comment