বাংলায় পরিবর্তনের সরকার প্রতিষ্ঠান নামে তৃণমূলকে সরিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। এখন তৃণমূল বকলমে বিজেপি হয়ে যাচ্ছে। যা তৃণমূল তাই বিজেপি। মঙ্গলবার শহীদ মিনারে একুশে জুলাইয়ের সমাবেশে একথাই বললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
এদিনের সমাবেশে অধীর চৌধুরী ছাড়া বক্তব্য রাখেন প্রবীণ কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়, প্রদীপ ভট্টাচার্য, জাতীয় কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক দীপা দাসমুন্সী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ নেতৃবৃন্দ।
এদিন কংগ্রেসের সমাবেশে শহীদ মিনার ময়দানে জনসমাগম আশানুরূপ হয়নি। যদিও সমাবেশ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি ২০২৭’র ফেব্রুয়ারিতে কংগ্রেসের ব্রিগেডের ডাক দিয়েছেন।
অধীর চৌধুরী বলেন, "দিল্লির বুকে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। শিক্ষার দাবিতে আন্দোলন করছে তারা। দেশের নতুন প্রজন্ম তাদের অধিকার ছিনিয়ে নিতে প্রস্তুত। বিজেপি সরকারের সময় কর্পোরেট পুঁজিপতিরা শিক্ষা থেকে প্রচুর মুনাফা করছে। কোচিং ইন্ডাস্ট্রিতে কোটি কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। এই ব্যবসা এখন ফুলেফেঁপে উঠেছে। উল্টোদিকে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে।’’
রাম মন্দির প্রসঙ্গে ও বিজেপিকে একহাত নিয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেছেন, ‘‘রাম মন্দিরের নামে রাজনীতি হয়েছে। বিজেপি সেই রাজনীতি আমদানি করেছে। হিন্দুদের বোঝানো হয়েছিল রাম মন্দির প্রতিষ্ঠা হলে রাম রাজ্য হবে এদেশ। এখন সেই রাম মন্দির থেকেই টাকা লুট চলছে। আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের মাথারা সেখান থেকে অবাধে টাকা লুট করছে। কিন্তু প্রধানমন্ত্রী বিষয়ে চুপ।’’
তিনি বলেন, ‘‘এরাজ্যে ডবল ইঞ্জিনের সরকার গঠন করেছে বিজেপি। কিন্তু বিরোধী দল হিসেবে তৃণমূল বকলমে বিজেপি-কেই সমর্থন করছে।’’
উল্লেখ্য, গতকাল, সোমবার, রাজ্য বিধানসভায় একুশে জুলাই কমিশনের ফাইল খোলা হয়েছে। সেখানে মণীশ গুপ্তের বিরুদ্ধে ওঠা বিভিন্ন প্রশ্ন গোপন করে যাওয়ায় তৃণমূল সরকারকে বিঁধেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রদেশ কংগ্রেস দাবি করেছিল যে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব মণীশ গুপ্তের ফাইল খুলতে হবে।
অধীর চৌধুরী বিজেপি’র বিভাজনের রাজনীতি থেকে সাম্প্রদায়িকতা মুক্ত দেশ ও রাজ্য গড়ার আহ্বান জানিয়েছেন।
CONGRESS
অধিকার ছিনিয়ে নিতে তৈরি নতুন প্রজন্ম, শহীদ মিনারে বললেন অধীর
×
Comments :0