তিনজনই ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তিনজনই সাংসদ পথ এবং দলের যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার সেই তিনজন এক সঙ্গেই বিজেপিতে যোগদান করলেন।
সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক এই তিন প্রাক্তন তৃণমূল সাংসদ বৃহস্পতিবার সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
সুস্মিতা দেব সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরপরই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার সঙ্গে দিল্লিতে একান্ত বৈঠক করেন। সেখান থেকেই স্পষ্ট হয়ে যায় তার আগামী রাজনৈতিক দিশা। এদিন আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপিতে যোগদান করেন। সাংবাদিক সম্মেলনে আসামের এই নেত্রী বলেন, পশ্চিমবঙ্গ থেকে দুবার রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছি। যতটা সম্ভব রাজ্যের হয়ে কাজ করার চেষ্টা করে গিয়েছি। আগামী দিনে বিজেপির টিকিটে তিনি রাজ্যসভায় ফিরবেন কিনা সেই প্রসঙ্গ এড়িয়ে যান। বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, দিল্লি এবং রাজ্য নেতৃত্ব।
সুখেন্দুশেখর রায়ের নিশানায় প্রথম থেকেই ছিল তৃণমূল। আরজি কর কান্ডের সময় সুখেন্দুশেখর রায় একমাত্র তৃণমূল সাংসদ যিনি সরকারের এবং পুলিশের সমালোচনা করেছিলেন। সেই ঘটনার প্রসঙ্গ টেনে নিজের আগের দলকে নিশানা করে সুখেন্দুশেখর রায় বলেন, ওই প্রতিবাদ করায় তাকে এবং তার পরিবারকে বিভিন্নভাবে হেনস্তার স্বীকার হতে হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি তাঁকে বাধ্য করা হয়েছিল ওই ঘটনায় নিজের টুইট ডিলিট করতে।
নির্বাচনের আগে বিজেপি নেতৃত্ব স্পষ্ট বলেছিল যে তৃণমূল থেকে কেউ এলে তাদের দলে নেওয়া হবে না। কিন্তু পরবর্তী সময় এই বিজেপি রাজ্য সভাপতিকেই বলতে শোনা গিয়েছিল যে ভালো তৃণমূল যারা তাদের দলে নিতে কোন আপত্তি নেই। বিজেপির রাজ্য সভাপতির সেই মন্তব্য অনুযায়ী এদিন তিন প্রাক্তন তৃণমূলের রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগদান করলেন। চলতি মাসে ২৪ জুলাই রাজ্যের রাজ্যসভার তিনটি আসনে নির্বাচন এই তিনটি আসনে এই তিনজনকেই বিজেপি প্রার্থী করে কিনা নজর থাকবে সেদিকে।
tmc bjp
বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন ৩ তৃণমূল সাংসদ
×
Comments :0