বজ্রাঘাতে গুরুতর আহত একই পরিবারের তিনজন। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানের ডায়না লাইনে। আহতরা একই পরিবারের তিনজন। সুগেন গোয়ালা (৬২),তাঁর ছেলে রাজু গোয়ালা (৪২) এবং নাতি আরিয়ান গোয়ালা (৭)। একই এলাকায় বজ্রাঘাতে দুটি মহিষের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাতের সময় আচমকাই ডায়না লাইনের একটি বাড়িতে বজ্রাঘাত হয়। এর জেরে বাড়ির বিদ্যুৎ মিটার ফেটে যায় এবং বিদ্যুতের তারে আগুন ধরে। সেই সময় বাল্ব ফেটে কাচের টুকরো রাজু গোয়ালার মুখে এসে লাগে বলে জানা গেছে। ঘটনায় সুগেন,রাজু ও আরিয়ান আহত হন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।আহতদের মধ্যে অগ্নিদগ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বজ্রাঘাতের জেরে ডায়না লাইনে আরও ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয়দের দাবি, এলাকায় অন্তত সাতটি বাড়ির বিদ্যুৎ মিটার নষ্ট হয়েছে। পাশাপাশি মাঠে থাকা দুটি মহিষের মৃত্যু হয়েছে।পরপর বজ্রাঘাতের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতির খোঁজ নিচ্ছে প্রশাসন বলে জানা গেছে।বর্ষাকালে চা-বাগান ও সংলগ্ন এলাকায় বজ্রপাতের ঘটনা বাড়ায় নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে।
Lightning Strikes
বজ্রাঘাতে আহত একই পরিবারের তিনজন, মৃত দুই মহিষ
×
Comments :0