Train Cancelled

ফরাক্কায় স্টেশনের কাছে ধস, বাতিল উত্তরবঙ্গগামী ট্রেন

রাজ্য

 বৃহস্পতিবার রাতে দার্জিলিঙ মেল সহ উত্তরবঙ্গ যাওয়ার সব ট্রেন বাতিল করায় উত্তরবঙ্গগামী দূরপাল্লার যাত্রীরা চরম অসুবিধায় পড়ে যান। এদিন সন্ধ্যায় রেলের তরফে জানানো হয়, নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে যে ধস নেমেছে, তার জেরেই ট্রেন চলাচল ব্যহত হয়েছে। অনেক চেষ্টা করা হলেও, বাধ্য হয়ে এদিন রাতে উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। শুধুমাত্র উত্তরবঙ্গ এক্সপ্রেস চলবে। এর জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। এদিন রাতে শিয়ালদহ স্টেশনে অসংখ্য দুরপাল্লার যাত্রীকে চরম উদ্বেগের সঙ্গে স্টেশনের কাউন্টারে ভিড় করতে দেখা যায়। 
জানা গেছে, প্রবল বৃষ্টির জেরে পূর্ব রেলের হাওড়া-মালদহ ডিভিসনে বৃহস্পতিবার ভোররাতে নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ধস নামে। তার জেরেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। জানা গিয়েছে, শুধুমাত্র উত্তরবঙ্গ এক্সপ্রেস চলবে। বাকি সমস্ত ট্রেন যেমন গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে।
এছাড়াও শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-মালদহ টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিঙ মেল, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস বাতিল হয়েছে। শুক্রবারের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সাহিবগঞ্জ-মালদহ টাউন মেমু এবং মালদহ টাউন-সাহিবগঞ্জ মেমু এদিনের জন্য বাতিল করে দেওয়া হয়েছে। এদিন উত্তরবঙ্গগামী একটিমাত্র ট্রেনই চলেছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা রুট দিয়ে ঘুরে যাবে। ট্রেনের এই দুর্ভোগ আগামী দুই থেকে তিনদিন থাকবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন পূর্ব রেলের কর্তারা।
এদিন সকাল থেকেই উত্তরবঙ্গমুখী দূরপাল্লার ট্রেনগুলি বিকল্প রুট দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু পরে দেখা যায়, এতগুলি ট্রেন বিকল্প রুট দিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই সমস্ত ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

Comments :0

Login to leave a comment