Dhupguri

একদিনে ধূপগুড়িতে জলে ডুবে দুই জনের মৃত্যু

জেলা

একই দিনে পৃথক দুটি ঘটনায় জলে ডুবে দুই জনের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি ব্লকে। রবিবার দুটি ভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটেছে বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া এলাকায়। মৃতার নাম মঞ্জুমা খাতুন। পরিবারের লোকজন জানিয়েছেন, এদিন শৌচকর্ম করতে গিয়ে পুকুরের পাড় দিয়ে হাঁটার সময় আচমকাই পা পিছলে জলে পড়ে যান তিনি। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুর থেকে তাকে উদ্ধার করে তড়িঘড়ি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে, সাঁকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ার একটি পুকুর থেকে হীরালাল রায় (৬৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত হীরালালবাবুর বাড়ি গোসাঁইহাট এলাকায়। জানা গিয়েছে, তিন দিন আগে তিনি মল্লিকপাড়ায় দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এই ঘটনায় আগেই থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। রবিবার সকালে স্থানীয়রা পুকুরে দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।
একদিনে দুটি পৃথক ঘটনায় জলে ডুবে মৃত্যুর খবরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে শোকের ছায়া নেমে এসেছে। ধূপগুড়ি থানার পুলিশ জানিয়েছে, দুটি ঘটনারই তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
 

Comments :0

Login to leave a comment