Badrinath temple theft

অযোধ্যার রামমন্দিরের পর এবার বদ্রীনাথে অনুদান তছরুপের অভিযোগ, তদন্তের নির্দেশ

জাতীয়

অযোধ্যার রামমন্দিরের অনুদানের অর্থ তছরুপের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যেই এবার বদ্রীনাথ ধামেও একই ধরনের অভিযোগ উঠেছে। অভিযোগকে গুরুত্ব দিয়ে শুক্রবার বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছে।
বিকেসিটিসির সভাপতি হেমন্ত দ্বিবেদী জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের কাছ থেকেও ব্যাখ্যা তলব করা হয়েছে।
শুক্রবার ‘ভৈরব সেনা’ নামে একটি সংগঠন বদ্রীনাথ ধামে আর্থিক অনিয়মের অভিযোগ তোলে। সংগঠনের দাবি, মন্দির কমিটির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীর সঙ্গে যুক্ত একটি আর্থিক তছরুপের ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক।
তবে হেমন্ত দ্বিবেদী সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবিকে খণ্ডন করে জানান, যাকে তার ব্যক্তিগত সচিব বলা হচ্ছে, তিনি আদতে তার ব্যক্তিগত সচিব নন। তিনি বিকেসিটিসির একজন নিয়মিত সরকারি কর্মী এবং এর আগে মন্দির কমিটির তিন প্রাক্তন চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন।
তিনি আরও বলেন, তদন্তে যদি কোনও কর্মী দোষী প্রমাণিত হন, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির মুখ্য নির্বাহী আধিকারিক (সিইও) সোহন সিং রাঙ্গাদ জানান, অভিযোগ প্রকাশ্যে আসার পর বদ্রীনাথ মন্দির চত্বরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তবে উপলব্ধ ফুটেজে প্রয়োজনীয় স্পষ্টতা না থাকায় অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
তিনি জানান, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে চেয়ারম্যানকে পুরো ঘটনাটি জানানো হয়েছে। তার নির্দেশে সংশ্লিষ্ট কর্মীদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের প্রস্তাবও পাঠানো হয়েছে।
সিইওর কথায়, তদন্ত কমিটি গঠনের পর সমস্ত তথ্য, উপলব্ধ প্রমাণ এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যের ভিত্তিতে বিস্তারিত তদন্ত করে রিপোর্ট জমা দেবে। তদন্তে কোনও অনিয়ম বা আর্থিক দুর্নীতির প্রমাণ মিললে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি আইন, ১৯৩৯ এবং কর্মচারী আচরণবিধি অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, কোটি কোটি ভক্তের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে বিষয়টি জড়িত। তাই যথাযথ প্রমাণ ছাড়া বিভ্রান্তিকর বা ভিত্তিহীন অভিযোগ প্রচার না করার জন্য সকলের প্রতি আবেদন জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment