Police

রাজ্য পুলিশে একাধিক রদবদল, সরানো হলো সুপ্রতিম সরকারকে

রাজ্য

রাজ্য পুলিশের একাধিক পদে রদবদল। একসাথে ৩৩ জন আইপিএসকে বদলি করলো নবান্ন। সিআইডি’র এডিজি পদ থেকে সরানো হয়েছে সুপ্রতিম সরকারকে। তাকে পাঠানো হয়েছে  অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ টেলিকমিউনিকেশন বিভাগে। সিআইডি’র নতুন ডিজি ও আইজিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন নটরাজন রমেশ বাবু। তিনি বর্তমানে সংশোধনাগার বিভাগের ডিজি পদে ছিলেন। 

বিধাননগরের বর্তমান কমিশনার ত্রিপুরারি অথর্বকে রাজ্য পুলিশের ট্রাফিক অ্যান্ড রোড সেফটির এডিজি পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় বিধাননগরের নতুন কমিশনার হচ্ছেন রাঠোর অমিতকুমার ভারত, যিনি এতদিন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্বে ছিলেন।

পশ্চিমাঞ্চলের বর্তমান এডিজি ও আইজিপি বিশাল গর্গকে রাজ্য আইবি-র এডিজি ও আইজিপি করা হয়েছে। তার জায়গায় পশ্চিমাঞ্চলের নতুন এডিজি ও আইজিপি হিসেবে আসছেন আনন্দ কুমারকে। উত্তরবঙ্গ রেঞ্জের এডিজি ও আইজিপি কে জয়রামনকে রাজ্য অর্থনৈতিক অপরাধ দমন শাখার ডিরেক্টর পদে বদলি করা হয়েছে। তার ছেড়ে যাওয়া আসনে উত্তরবঙ্গ রেঞ্জের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন সুকেশ কুমার জৈন।

একই সঙ্গে রাজ্য স্পেশাল টাস্ক ফোর্স এর শীর্ষস্তরেও বদল আনা হয়েছে। এসটিএফ-এর বর্তমান আইজিপি প্রবীণ কুমার ত্রিপাঠীকে হোম গার্ডের আইজি পদে পাঠানো হয়েছে এবং তার জায়গায় রাজ্য এসটিএফ-এর নতুন আইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন সুধীর কুমার নীলকান্তম।

দার্জিলিংয়ের বর্তমান পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়াকে কলকাতার প্রথম ব্যাটালিয়নের ডিসি করে আনা হয়েছে। তার বদলে দার্জিলিংয়ের দায়িত্ব নিচ্ছেন কলকাতার গোয়েন্দা বিভাগের প্রাক্তন ডিসি ইয়েলওয়াদ শ্রীকান্ত জগন্নাথরাও।

কোচবিহারের পুলিশ সুপার জসপ্রীত সিংকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের সিসিডব্লিউ-র এসপি পদে। তার বদলে কোচবিহারের নতুন পুলিশ সুপার হচ্ছেন কলকাতার ট্রাফিক বিভাগের ডিসি মণীশ জোশী।

কলকাতা পুলিশের অন্দরেও বেশ কয়েকটি পদে বদল আনা হয়েছে। সাইবার ক্রাইম বিভাগের নতুন ডিসি হচ্ছেন প্রদীপ কুমার যাদব এবং ইস্টার্ন ডিভিশনের নতুন ডিসি পদের দায়িত্বভার সামলাবেন অরিন্দম সরকার। এছাড়াও এসএপি প্রথম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রাজীব কুমারকে কলকাতা পুলিশের ডিসি এসটিএফ হিসেবে নিয়োগ করা হয়েছে।

বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত এসপি (জোনাল) পিনাকী দত্তকে ওই জেলারই ডিআইবি-র অতিরিক্ত এসপি করা হয়েছে। তার জায়গায় আনা হয়েছে অতীশ বিশ্বাসকে।

 

 

Comments :0

Login to leave a comment