CJP Sansad Chalo

আটক প্রতিবাদীরা, মিছিলে বেবি-বৃন্দা, দিল্লি উত্তাল প্রতিবাদে

জাতীয়

অরূপ সেন: নয়াদিল্লি

দিল্লিতে শিক্ষা বাঁচানোর কর্মসূচি বানচাল করতে একের পর এক প্রতিবাদীকে আটক করছে দিল্লি পুলিশ। আটক করা হয়েছে সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবকেও। ককরোচ জনতা পার্টি জানাচ্ছে আটক করা হয়েছে মঞ্চের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকেও।
আটক, গ্রেপ্তারি চালিয়েও আন্দোলনকে দমন করতে পারেনি দিল্লি পুলিশ। এসএফআই জানিয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহসভাপতি গোপিকাকে আটক করেছে দিল্লি পুলিশ। আটক করেছে দিল্লি রাজ্য কমিটির সদস্য শরণ্য সহ একাধিক নেতা ও কর্মীকে।
সোমবার সকাল থেকেই হাজার হাজার ছাত্রছাত্রী সমবেত হতে থাকেন দিল্লির যন্তর মন্তরে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে তাঁদের যাওয়ার কথা ছিল সংসদ ভবনে। আন্দোলনের প্রতি সহমর্মী সাংসদদের হাতে দাবি সনদ হস্তান্তরের কথা ছিল। এদিনই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন।
যন্তর মন্তর রাত থেকেই ঘিরে রাখে দিল্লি পুলিশ। ঝালাই করা উঁচু লোহার ব্যারিকেড বসানো হয় পার্লামেন্ট স্ট্রিটে। কিন্তু সংসদ চলো কর্মসূচিতে অনড় ছিলেন প্রতিবাদীরা। মিছিল শুরুর মুখে লাঠি চালায় দিল্লি পুলিশ। কিন্তু ছাত্র-যুব প্রতিবাদীদের স্রোত আটকানো যায়নি। চালানো হয় টিয়ার গ্যাস। সংসদ ভবনের একেবারে কাছে তখন ধুন্ধুমার অবস্থা।
এদিন শুরুতে সংহতি জানাতে ককরোচ জনতা পার্টি এবং অন্য প্রতিবাদী সংগঠনগুলির কর্মীদের পাশে ছিলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি এবং প্রবীণ সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাতও। পলিটব্যুরো সদস্য মারিয়াম ধাওলে, বিজু কৃষ্ণান। ছিলেন বিভিন্ন অংশের মানুষ। সংহতি জানাতে পৌঁছে যান তাঁরা। সকাল থেকে বৃষ্টি চলছে দিল্লিতে। পুলিশ লাঠি চালিয়েছে তবু আন্দোলন থামানো যায়নি। 
সিজেপি এবং সোনাম ওয়াঙচুকের আন্দোলনের প্রতি সংহতি  জানিয়ে এদিন দেশের বিভিন্ন প্রান্তে পথে নেমেছেন মানুষ। নাগপুরে বিভিন্ন বয়সের মানুষ এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে মিছিলে করেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগানও তোলেন তারা। গুজরাটের সুরাট এবং জুনাগড়েও মানুষ প্রতিবাদে সামিল হন। তাদের অনেকের গায়ের ছিল সিজেপির টি-শার্ট।

Comments :0

Login to leave a comment