Bihar

বিহারে নুনের বদলে ডিটারজেন্ট পাউডার, অসুস্থ একাধিক

জাতীয়

নুনের বদলে রান্নায় মিশে গেল ডিটারজেন্ট পাউডার! সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লো বিহারের নালন্দার একটি সরকারি স্কুলের অন্তত ৩৬ জন ছাত্রী। মাথা ঘোরা ও বমির মতো উপসর্গ দেখা দেওয়ার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে সকলেই বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনাটি ঘটেছে নালন্দার নূরসরাই থানার অন্তর্গত পারাসি এলাকার একটি মিডল স্কুলে। মঙ্গলবার দুপুরে অন্যান্য দিনের মতোই স্কুলে মিড ডে মিল দেওয়া হয়। খাবারের মেনুতে ছিল সয়াবিন দিয়ে ভাত। খাবার খাওয়ার পরই একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে।
স্কুলের প্রধান শিক্ষক শৈলেন্দ্র কুমার সিংহ জানান, নির্ধারিত মেনু অনুযায়ী একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মধ্যাহ্নভোজ সরবরাহ করা হয়েছিল। কয়েকজন পড়ুয়া খাবার খাওয়ার পর অন্যরা খাবারে নুন কম রয়েছে বলে অভিযোগ করে। এরপরই রান্নার কাজে যুক্ত কর্মী নুন দেওয়ার পরিবর্তে ভুল করে ডিটারজেন্ট পাউডার খাবারে মিশিয়ে ফেলেছিলেন বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, রান্নাঘরে নুন ও ডিটারজেন্ট পাউডারের পাত্র পাশাপাশি রাখা ছিল। সেই কারণেই রান্নার সময় ভুল করে ডিটারজেন্টকে নুন ভেবে খাবারে মিশিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন ছাত্রী মাথা ঘোরা ও বমি শুরু করে। প্রথমে স্কুলেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাদের বিহারশরিফ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে গিয়ে পড়ুয়াদের শারীরিক অবস্থার খোঁজ নেন সিভিল সার্জন ডা. জয়প্রকাশ সিংহ। তিনি জানান, সকলেই বর্তমানে বিপদমুক্ত এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
অসুস্থ পড়ুয়াদের দেখতে হাসপাতালে যান বিহারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে পড়ুয়াদের শারীরিক অবস্থার খোঁজ নেন।
ঘটনায় গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। কীভাবে মধ্যাহ্নভোজ তৈরির সময় নুনের পরিবর্তে ডিটারজেন্ট খাবারে মিশে গেল এবং খাবার পরিবেশনের আগে তা নজরে এল না, তা তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।
ঘটনাকে কেন্দ্র করে স্কুলের মধ্যাহ্নভোজের রান্নাঘরে খাদ্যসামগ্রী সংরক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষের তদন্তের পরই এই গুরুতর ভুলের জন্য কার বা কাদের দায় রয়েছে, তা স্পষ্ট হবে।

Comments :0

Login to leave a comment