চলতি ফিফা বিশ্বকাপে মিশরের দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিল মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। বুধবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মহম্মদ সালাহর নেতৃত্বে মিশর এবারের বিশ্বকাপে শেষ ষোলো পর্যন্ত পৌঁছায়। ২০১৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলা মিশর প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-৩ ব্যবধানে হেরে যায়। মাত্র ১৩ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ইএফএ-র প্রেসিডেন্ট হানি আবু রিদা এক বিবৃতিতে জানান, ‘মিশরের জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসান এবং দলীয় পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তি নবীকরণের অনুমোদন দিয়েছে বোর্ড।’
৫৯ বছর বয়সি হোসাম হাসান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিশরের দায়িত্ব নেন। তার অধীনে দলের প্রথম বড় সাফল্য ছিল ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে সেমিফাইনালে পৌঁছনো। হাসান নিজেই আগে স্বীকার করেছিলেন যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তিনি চুক্তি ছাড়াই দলের সঙ্গে কাজ করছিলেন।
এবারের বিশ্বকাপে তার কোচিংয়েই ইতিহাস গড়ে মিশর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পায় দলটি। এরপর রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয়ও তুলে নেয় সালাহরা।
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, নতুন চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত হতে পারে। বিশ্বকাপে দলের পারফরম্যান্সের পর মিশরীয় ফুটবলে নতুন আশার সঞ্চার হয়েছে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
Egypt Football
বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার, ২০৩০ পর্যন্ত বাড়ল হোসাম হাসানের চুক্তি
×
Comments :0