তৃণমূল কংগ্রেসের ডেবিট-ফ্রিজ হওয়া তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দলের দৈনন্দিন খরচ চালানোর জন্য বিশেষ আধিকারিক নিয়োগ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে এই দায়িত্ব দিয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে কোনও দু'জন অনুমোদিত স্বাক্ষরকারী বিশেষ আধিকারিকের কাছে চেক জমা দিতে পারবেন। বিশেষ আধিকারিক সেই চেক ব্যাঙ্কে পেশ করে অর্থ তোলার ব্যবস্থা করবেন। তবে এই অর্থ শুধুমাত্র দলের দৈনন্দিন সাংগঠনিক কাজ ও আইনি খরচের জন্য ব্যবহার করা যাবে বলে স্পষ্ট করেছে আদালত।
একই সঙ্গে বিশেষ আধিকারিকের মাসিক ১ লক্ষ ২৫ হাজার টাকা সম্মানীর অর্থও ওই তিনটি অ্যাকাউন্ট থেকেই মেটানোর অনুমতি দিয়েছে আদালত। আগামী শুনানির আগে খরচের বিস্তারিত হিসাব আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত ১৮ জুন। ওই দিন বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের অপর গোষ্ঠীর নেতারা, যাদের নেতৃত্বে রয়েছেন তৃণমূল বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা। অভিযোগে দাবি করা হয়, একটি বেসরকারি ব্যাঙ্কে থাকা তৃণমূলের তিনটি অ্যাকাউন্টে বেআইনি টাকা জমা রয়েছে। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হওয়ার পরদিনই ওই তিনটি অ্যাকাউন্ট থেকে ডেবিট লেনদেন বন্ধ করে দেয় পুলিশ।
আদালত ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, তিনটি অ্যাকাউন্টের সমস্ত ইলেকট্রনিক রেকর্ড ও ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য সংরক্ষণ করতে হবে এবং তদন্তে পুলিশকে পূর্ণ সহযোগিতা করতে হবে। পাশাপাশি, আগামী ২১ সেপ্টেম্বরের শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও উল্লেখ করেন, তৃণমূল কংগ্রেসের কোন গোষ্ঠী প্রকৃত দল হিসেবে স্বীকৃতি পাবে, সেই বিষয়টি বর্তমানে নির্বাচন কমিশনের বিবেচনাধীন। কমিশনের সিদ্ধান্ত হলে তা আদালতকে জানাতে হবে। প্রয়োজনে সেই সিদ্ধান্তের ভিত্তিতে অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনা করা হবে।
এদিন তৃণমূলের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি আদালতে দাবি করেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর একটি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ করেছে, যাতে দলের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয়। তার আরও দাবি, অভিযোগকারীরা নিজেরাও ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থ ব্যবহার করে তৃণমূলের টিকিটে বিধানসভা নির্বাচন লড়েছিলেন।
অন্যদিকে, পুলিশ প্রশাসনের পক্ষে সওয়াল করে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, অভিযোগ পাওয়ার পর তদন্তের স্বার্থে দ্রুত পদক্ষেপ করা প্রয়োজন ছিল, যাতে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে কোনও বেআইনি লেনদেন না হয়। তিনি আরও বলেন, তৃণমূলের অপর গোষ্ঠীও নিজেদের প্রকৃত দল হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে এবং সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার নির্বাচন কমিশনের।
TMC
তৃণমূলের ডেবিট-ফ্রিজ হওয়া তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনায় বিশেষ আধিকারিক নিয়োগ কলকাতা হাইকোর্টের
×
Comments :0