High Court

মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান নয়, দুই গোষ্ঠীকে পৃথক জায়গা দিল হাইকোর্ট

রাজ্য কলকাতা

তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) দুই গোষ্ঠীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ২৮ আগস্ট মেয়ো রোডে করার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। একই জায়গায় একই সময়ে পৃথক কর্মসূচি করার জন্য দুই গোষ্ঠীর আবেদন খারিজ করে আদালত নির্দেশ দিয়েছে। গত ২১ জুলাই শহিদ দিবসের কর্মসূচির জন্য যে জায়গাগুলি দেওয়া হয়েছিল, সেখানেই ২৮ আগস্ট পৃথকভাবে প্রতিষ্ঠা দিবস পালন করতে হবে।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন গোষ্ঠী ক্যাথিড্রাল রোডের একদিকে এবং বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি নেতৃত্বাধীন গোষ্ঠীর ছাত্র সংগঠন রানি রাসমণি অ্যাভিনিউয়ের একদিকে অনুষ্ঠান করতে পারবে।
মেয়ো রোডে মহাত্মা গান্ধির মূর্তির সামনে ২৮ আগস্ট কোনও গোষ্ঠীকেই প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি করার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করেছে আদালত।
দুই গোষ্ঠীর জন্যই একই শর্ত বেঁধে দিয়েছে আদালত। কর্মসূচিতে উপস্থিতির সংখ্যা ১,৫০০-র মধ্যে রাখার জন্য দু’পক্ষকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত অনুষ্ঠান চলবে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে থাকা ১৫ জন করে স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর পুলিশকে দিতে হবে দুই গোষ্ঠীকেই।
এছাড়া, দুই রাস্তার একদিকে যাতে যান চলাচল কোনওভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। কর্মসূচি চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করার দায়িত্বও পুলিশের।
মামলার শুনানিতে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন গোষ্ঠীর আইনজীবী শীর্ষণ্য ব্যানার্জি জানান, গত ২৮ বছরের মধ্যে ২৬ বছরই মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয়েছে। তিনি জানান, একই জায়গায় অনুষ্ঠান করার অনুমতি চেয়ে গত ২৭ জুলাই কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। এরপর আরও দু’বার পুলিশকে মনে করানো হয়।
আইনজীবীর দাবি, ১৮ আগস্ট ওই আবেদন নিয়ে বৈঠকের জন্য পুলিশের কাছে যেতে পারেননি তারা। এরপর পুলিশ ই-মেলের মাধ্যমে জানায়, খোলা জায়গার পরিবর্তে কোনও ইনডোর হলে অনুষ্ঠান করতে হবে। এই নির্দেশকে ‘অযৌক্তিক’ বলে দাবি করে আইনজীবী জানান, এর ফলে তাদের অধিকার খর্ব হচ্ছে।
অন্যদিকে, ঋতব্রত ব্যানার্জি নেতৃত্বাধীন টিএমসিপি গোষ্ঠীকেও মেয়ো রোডে অনুষ্ঠান করার অনুমতি দেয়নি পুলিশ। তাদেরও ইনডোর জায়গায় কর্মসূচি করার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয় ওই গোষ্ঠী।
শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য মৌখিকভাবে প্রস্তাব দেন, দুই গোষ্ঠী যদি যৌথভাবে অনুষ্ঠান করতে রাজি হয়, তাহলে মেয়ো রোডে মহাত্মা গান্ধির মূর্তির সামনে কর্মসূচির অনুমতি দেওয়া যেতে পারে। তবে মমতা-গোষ্ঠীর আইনজীবী জানান, তার মক্কেল যৌথভাবে অনুষ্ঠান করতে রাজি নন। অন্য গোষ্ঠীর আইনজীবী আদালতের প্রস্তাব নিয়ে তার মক্কেলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে জানান।
ফলে শেষ পর্যন্ত মেয়ো রোডে পৃথক কর্মসূচির অনুমতি না দিয়ে দুই গোষ্ঠীকেই পৃথক জায়গায় প্রতিষ্ঠা দিবস পালনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Comments :0

Login to leave a comment