MA Baby

সোনম ওয়াংচুক ও অভিজিৎ দিপকের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় সিপিআই(এম), কেন্দ্রকে তোপ এম এ বেবির

জাতীয়

সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপের তীব্র নিন্দা করলেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি। শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি অভিযোগ করেন, নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে কেন্দ্র সরকার শান্তিপূর্ণ আন্দোলন দমন করতেই বেশি আগ্রহী।
এম এ বেবি লেখেন, ‘দিল্লি পুলিশের হাতে সোনম ওয়াংচুক ও অভিজিৎ দিপকের আটক হওয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। যে শিক্ষামন্ত্রীর আমলে প্রশ্নপত্র ফাঁসের মতো কেলেঙ্কারি ঘটেছে, তাকে অপসারণ করা বা লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া ব্যবস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর কঠোর পদক্ষেপ নিচ্ছে।’
তিনি আরও দাবি করেন, ‘এটি মোদী সরকারের কর্তৃত্ববাদী মনোভাবের পরিচয়। ভিন্নমতকে স্তব্ধ করে দেওয়া কখনও জবাবদিহির বিকল্প হতে পারে না।’
উল্লেখ্য, অনির্দিষ্টকালের অনশনের ২১তম দিনে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে সোনম ওয়াংচুককে যন্তর মন্তর থেকে সফদরজং হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। পুলিশের দাবি, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের অভিযোগ, পুলিশি অভিযানের সময় তাকে মারধর করা হয় এবং আটকও করা হয়। পরে তিনি অনির্দিষ্টকালের অনশন শুরু করার ঘোষণা দেন।
দিল্লি পুলিশের বক্তব্য, ওয়াংচুককে অত্যাবশ্যক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে যন্তর মন্তরের আন্দোলনস্থল ছেড়ে যাওয়ার আবেদন জানানো হয়েছে।
প্রসঙ্গত, নিট পরীক্ষায় অনিয়ম এবং সেই বিতর্ককে ঘিরে ছাত্রছাত্রীদের মৃত্যুর অভিযোগের প্রতিবাদে সিজেপি-র নেতৃত্বাধীন আন্দোলনের সমর্থনে গত ২৮ জুন থেকে অনির্দিষ্টকালের অনশনে ছিলেন সোনম ওয়াংচুক।

Comments :0

Login to leave a comment