জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিতে হবে তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে। তামিলনাড়ু পুলিশকে এমনই নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। অভিনেত্রী ত্রিশাকে ঘিরে বিতর্কিত মন্তব্যের জেরে মঙ্গলবার সকালে চেন্নাইয়ের বাড়ি থেকে তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার থাঞ্জাভুরে কাবেরী জল-বণ্টন ইস্যুতে আয়োজিত এক জনসভায় তার মন্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়।
পুলিশের হেপাজতে নিয়ে যাওয়ার সময় উদয়নিধিকে হাসিমুখে দেখা যায়। গ্রেপ্তারের পর তিনি বলেন, ‘এই গ্রেপ্তারকে আমি একটি প্রহসন হিসেবেই দেখছি। আইনি পথেই এর মোকাবিলা করবো।’
অন্যদিকে, ডিএমকে এই গ্রেপ্তারকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করেছে। দলের নেতা টি. কে. এস. এলঙ্গোভন বলেন, উদয়নিধি কারও বিরুদ্ধে ব্যক্তিগত মন্তব্য করেননি। তিনি কেবল মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক ব্যর্থতার সমালোচনা করেছেন। তার বক্তব্যে ত্রিশার নামও উল্লেখ করা হয়নি বলে দাবি ডিএমকের।
তবে বিজয়ের দল টিভিকে (TVK) এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের নেতা আমেরিকাই নারায়ণন বলেন, ‘মুখ্যমন্ত্রী বা টিভিকের সমালোচনার জন্য নয়, একজন মহিলাকে অপমানজনক ভাষায় আক্রমণ করার কারণেই উদয়নিধিকে গ্রেপ্তার করা হয়েছে।’ কটাক্ষ করে তিনি আরও বলেন, উদয়নিধির নাম পরিবর্তন করে ভালগার-নিধি রাখা উচিত।
সোমবার থাঞ্জাভুরের সভায় কাবেরী নদীর জল-বণ্টন প্রসঙ্গে বক্তব্য রাখছিলেন উদয়নিধি। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের আমলে তামিলনাড়ু কাবেরীর এক ফোঁটা জলও পায়নি। সেই সময় জনতার একাংশ ত্রিশা, ত্রিশা বলে স্লোগান দিলে উদয়নিধি তার জবাবে একটি আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। সেই মন্তব্য ঘিরেই রাজনৈতিক বিতর্কের সূত্রপাত।
ঘটনার পর টিভিকে জাতীয় মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে উদয়নিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পাশাপাশি পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে টিভিকে জানায়, উদয়নিধি প্রকাশ্য রাজনৈতিক মঞ্চ থেকে একজন বিশিষ্ট অভিনেত্রীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেছেন, যা জনসমক্ষে নারীদের প্রতি বিদ্বেষমূলক ও অসম্মানজনক আচরণকে উৎসাহিত করে।
এর পরপরই তামিলনাড়ু বিজেপিও উদয়নিধির গ্রেপ্তারের দাবি তোলে। দলের মুখ্য মুখপাত্র নারায়ণন তিরুপাথি মন্তব্য করেন, উদয়নিধির বক্তব্য অশ্লীল, কুরুচিকর এবং লজ্জাজনক। তার দাবি, এমন মন্তব্যের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে তামিলনাড়ুর মর্যাদা রক্ষা পাবে।
উল্লেখ্য, অভিনেত্রী ত্রিশাকে নিয়ে বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। অতীতে অভিনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনার পর থেকেই রাজনৈতিক ও চলচ্চিত্র জগতের বিভিন্ন ব্যক্তি প্রকাশ্যে নানা মন্তব্য করেছেন। চলতি বছরের শুরুতে বিজেপি নেতা নৈনার নাগেন্দ্রনও ত্রিশাকে নিয়ে মন্তব্য করেছিলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে তামিলনাড়ুর রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে।
Tamil Nadu
জিজ্ঞাসাবাদের পর ছাড়তে হবে উদয়নিধিকে, নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের
×
Comments :0