CPIM

রাজনৈতিক উদ্দেশ্যে শ্রুতিনাথ প্রহরাজকে গ্রেপ্তার করলো পুলিশ

রাজ্য

গ্রেপ্তার উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক সিপিআই(এম) নেতা শ্রুতিনাথ প্রহরাজ। চুঁচুড়া থানার পুলিশ গতকাল রাতে তাকে উত্তরপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে চুঁচুড়া থানায় নিয়ে যায়। শ্রুতিনাথ প্রহরাজের সঙ্গে আরও দুই সিপিআই(এম) কর্মী কোন্নগরের দীপক চক্রবর্তী ও অনুপম চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার তাদের চুঁচুড়া আদালতে পেশ করবে পুলিশ। জানা গিয়েছে, গত ১০ আগস্ট চুঁচুড়া ঘড়ির মোরে আইন অমান্যে অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ঘটনার দিন পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা শাসক দপ্তরের দিকে এগোতে থাকে বাম কর্মী সমর্থকরা। ঘড়ির মোড়ে তাদর বাধা দেয় পুলিশ। পুলিশকে ঠেলে ব্যারিকেড ভেঙে এগোতে গেলে লাঠি চালিয়ে বাম কর্মীদের ছত্রভঙ্গ করে পুলিশ।

কয়েকজন বাম কর্মী আহত হন। সেদিনই চল্লিশ জনের বেশি বাম কর্মীকে আটক করা হয়। পরে রাতে আরও চারজনকে গ্রেপ্তার করে বাকিদের ছেড়ে দেওয়া হয়। পরদিন আদালত তাদের জামিন মঞ্জুর করে। সেই ঘটনার সূত্রে ধরেই উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

গোটা ঘটনায় সিপিআই(এম) এর অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন বিধায়ককে। সোমবার উত্তরপাড়া পৌরসভা অভিযানের ডাক দিয়েছিল সিপিআই(এম)। সেই অভিযানের নেতৃত্ব দেন মীনাক্ষী মুখার্জি, শ্রুতিনাথ প্রহরাজ। সেই ঘটনার পরপরই তৎপর হয়ে প্রাক্তন বিধায়ককে রাতে গ্রেপ্তার করে পুলিশ।

এদিন আদালতে পেশ করার সময় শ্রুতিনাথ প্রহরাজ বলেন, ‘যারা মঞ্চ ভাঙলো তাদের গ্রেপ্তার করা হলো না, কারণ তারা শাসক দলের লোক। যারা মার খেলো তাদের গ্রেপ্তার করা হচ্ছে। কন্ঠরোধ করা হচ্ছে। এই ভাবে আমাদের দমিয়ে রাখা যাবে না।’

Comments :0

Login to leave a comment